হত্যা
হত্যা

মোটরসাইকেলে করে এসে মাথা লক্ষ করে গুলি, যুবক নিহত

নরসিংদী শিবপুর উপজেলায় এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নে বংপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহত যুবকের নাম মো. আলম মিয়া (৩৫)। তিনি শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর এলাকার মৃত আফসার আলীর ছেলে। তাঁর দুটি শিশু সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে একাধিক মোটরসাইকেলে চেপে বংপুর গ্রামে আসে কয়েকজন দুর্বৃত্ত্ব। গ্রামের সড়কে হাঁটছিলেন আলম মিয়া। এ সময় আলম মিয়াকে পেছন থেকে মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় তারা। তাঁর ঘাড়ের দিকে গুলিটি লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার সময় আশেপাশের লোকজনের উপস্থিতি থাকলেও ভয়-আতঙ্কে কেউ মুখ খুলছেন না। খবর পেয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়াসহ একাধিক উপপরিদর্শক ঘটনাস্থলে গিয়ে আলম মিয়ার লাশ উদ্ধার করেন। পরে তাঁর লাশ সুরতহাল করে শিবপুর থানায় নেওয়া হয়।

ওসি কোহিনূর মিয়া বলেন, নিহত আলম মিয়ার ঘাড়ের নিচে গুলি করার চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর গুলির বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। স্বজনদের সঙ্গে কথা বলে এই হত্যাকাণ্ডের কারণ এবং জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিহত আলম মিয়ার স্বজনদের অভিযোগ, আলম মিয়া গাছ কেটে, রাজমিস্ত্রির বা দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গতকাল সোমবার স্থানীয় এক চিহ্নিত সন্ত্রাসী তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন।তবে কেন তাঁকে এই হুমকি দেওয়া হয়েছিল তা জানেন না স্বজনরা।