ময়মনসিংহ সদরের দাপুনিয়া ইউনিয়নের পাঁচ কাহনিয়া গ্রামে দত্তবাড়ী সার্বজনীন পূজা মন্দিরের প্রতিমা ভাঙচুর করে এক দুর্বৃত্ত। আজ সোমবার ভোরে
ময়মনসিংহ সদরের দাপুনিয়া ইউনিয়নের পাঁচ কাহনিয়া গ্রামে দত্তবাড়ী সার্বজনীন পূজা মন্দিরের প্রতিমা ভাঙচুর করে এক দুর্বৃত্ত। আজ সোমবার ভোরে

ময়মনসিংহে মন্দিরের তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

ময়মনসিংহ সদরের একটি মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের পাঁচ কাহনিয়া গ্রামে দত্তবাড়ী সার্বজনীন পূজা মন্দিরটিকে ঘিরে ৩০-৩৫টি হিন্দু পরিবার আছে। প্রায় ৩৭ বছর ধরে এ মন্দিরে পূজা–অর্চনা করেন সেখানে বসবাস করা হিন্দুরা। আজ সকাল পৌনে ছয়টার দিকে ২৫-৩০ বছর বয়সী লুঙ্গি ও গেঞ্জি পরা এক দুর্বৃত্ত মন্দিরের কাছে গিয়ে প্রথমে বাঁশ ও পরে ইট দিয়ে তালা ভেঙে ভেতরে ঢোকে। পরে ভেতরে থাকা কালী ও লক্ষ্মীপ্রতিমা ভাঙচুর করে দ্রুত চলে যায়।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দত্ত বলেন, ‘সকাল পৌনে ছয়টার দিকের ঘটনা। ওই সময় পূজার জন্য নিজ বাড়ির ছাদবাগানে ফুল তুলতে যাওয়া কল্পনা রানী সিংহ তালা ভাঙার বিষয়টি দেখেন। তিনি চিৎকার করে আশপাশের মানুষ ডাকতে শুরু করলে দ্রুত প্রতিমা ভেঙে চলে যায় ওই যুবক। আমরা ঘুম ভেঙে উঠে ওই যুবককে পাইনি। যুবকটিকে চেনা যায়নি। আশপাশের বাসিন্দা বলেও মনে হয়নি। সিসিটিভি ছিল, সেগুলো পুলিশ নিয়ে গেছে।’

সুজন চন্দ্র দত্ত বলেন, ‘এত বছর ধরে এখানে পূজা করা হয়, এর আগে কখনো এমন ঘটনা হয়নি। এলাকার মুসলমানরা তো আমাদের সব সময় সহযোগিতা করে থাকে। ধারণা করতে পারছি না কারা এমনটি করেছে।’

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শিবিরুল ইসলাম বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। এক যুবক মন্দিরের তালা ভেঙে প্রতিমা ভাঙচুর করেছে। স্থানীয় বাসিন্দারা যুবককে চিনতে পারেননি। বাইরে থেকে এসে এ ঘটনা ঘটানো হতে পারে। আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছি।’