মো. নুর কবির
মো. নুর কবির

রাঙামাটিতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, পরে দল থেকে বহিষ্কার

রাঙামাটির বাঘাইছড়িতে যুবদলের এক নেতা ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বিজিবি তাঁকে আটক করে থানায় সোপর্দ করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করে পুলিশ।

গ্রেপ্তার যুবদল নেতার নাম মো. নুর কবির (৩২)। তিনি উপজেলার পশ্চিম মুসলিম ব্লক এলাকার বাসিন্দা মৃত জামাল হোসেনের ছেলে। তিনি যুবদলের বাঘাইছড়ি পৌর শাখার সদস্য। ইয়াবাসহ গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর তাঁকে বহিষ্কার করেছে সংগঠনটি।

বাঘাইছড়ি পৌর যুবদলের সদস্যসচিব ওমর ফারুক প্রথম আলোকে বলেন, তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারেন পৌর যুবদলের সদস্য মো. নুর কবির ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে নিয়োজিত থাকার অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

বিজিবির বরাত দিয়ে পুলিশ জানায়, নুর কবির মাদক বিক্রির উদ্দেশে উপজেলার মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থান করছিলেন। এ খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলামের দিকনির্দেশনায় নায়েব সুবেদার মো. কামাল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। ঘটনাস্থল থেকে নুর কবিরকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর লুঙ্গির গিঁটের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ১৪টি ইয়াবা বড়ি পাওয়া যায়।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।