রংপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, কার্যালয়ের সামনে সমাবেশ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা–কর্মীদের ওপর পুলিশের হামলা ও গুলিবর্ষণে সেচ্ছাসেবকদলেরকর্মী মকবুল হোসেনের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। গতকাল রংপুরে গ্রান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

রংপুরে দুই দফায় চেষ্টা করে পুলিশি বাধায় বিএনপি বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে আসতে পারেনি। অবশেষে গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনেই বিক্ষোভ সমাবেশ করেছে তারা।

ঢাকায় বিএনপি কার্যালয়ে পুলিশি হামলা, গুলিবর্ষণে বিএনপিকর্মী মকবুল হোসেনের মৃত্যুর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুই দফায় বিক্ষোভ মিছিল বের করার পূর্বঘোষিত কর্মসূচি ছিল।

দুপুর ১২টায় রংপুর নগরের গ্র্যান্ড হোটেল মোড়ের পাশে অবস্থিত বিএনপি কার্যালয় থেকে মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়কে যাওয়ার মুহূর্তে পুলিশ বাধা দেয়। এ সময় উত্তেজনা দেখা দেয়। একইভাবে বিকেল চারটার দিকে জেলা বিএনপিও বিক্ষোভ মিছিল বের করেও সড়কে নামতে ব্যর্থ হয়। দুই দফায় বিএনপির মিছিল সড়কে নামতে পারে না পুলিশি বাধার কারণে। একপর্যায়ে সেখানেই বিক্ষোভ সমাবেশ করেন নেতা-কর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সদস্য সুলতান আহমেদ। মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবীর সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির সদস্য আবদুস সালাম, সাজু মিয়া, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম প্রমুখ।

এদিকে বিকেলে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হলে সেই মিছিলও সড়কে নামতে দেয়নি পুলিশ। পুলিশের বাধা পেয়ে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে তারা।

বক্তারা বলেন, ‘শান্তিপূর্ণ মিছিল–সমাবেশও করতে দেওয়া হচ্ছে না। পুলিশ দিয়ে দমন–পীড়ন করা হচ্ছে। নিরীহ নেতা-কর্মীদের বাড়ি বাড়ি পুলিশ তল্লাশি চালাচ্ছে। গায়েবি মামলা দেওয়া হচ্ছে। এভাবে আর কত দিন। সারা দেশের নেতা-কর্মীরা জেগে উঠছেন। বিদ্রোহ চারদিকে শুরু হয়েছে। এই ভয়ে সরকার পুলিশ দিয়ে শান্তিপূর্ণ মিছিলের হামলা করছে। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। বিক্ষোভ সমাবেশ অব্যাহত থাকবে।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমান বলেন, রাজপথে বিক্ষোভ সমাবেশের অনুমতি নেই বলে বাধা দেওয়া হয়েছে।