
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে চার স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোতালিব বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
মনোনয়নপত্র বাতিল হওয়া চার প্রার্থী হলে সৈয়দ বেলাল হোসেন, শাহ আবু বকর সিদ্দিক, এইচ এম এরশাদ ও শহিদুল ইসলাম সরকার। এ আসনে মোট নয়জন মনোনয়নপত্র জমা দেন। আগামী ১২ অক্টোবর এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোতালিব বলেন, ত্রুটি থাকায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের শতকরা ১ ভাগের সমর্থন প্রয়োজন। এ ক্ষেত্রেও তাঁদের ত্রুটি ছিল। যাচাই–বাছাই শেষে তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। এই আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ছিল আজ বৃহস্পতিবার, প্রত্যাহার ২২ সেপ্টেম্বর ও পরদিন প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এই উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান, জাতীয় পার্টির (জাপা) এ এইচ এম গোলাম শহীদ, বিকল্পধারা বাংলাদেশের মনোনীত জাহাঙ্গীর আলম এবং স্বতন্ত্র হিসেবে নাহিদুজ্জামান নিশাদ ও সৈয়দ মাহবুবুর রহমান।