সিংড়ায় নছিমনের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নাটোরের সিংড়া উপজেলায় দ্রুতগতির নছিমনের ধাক্কায় কলেজছাত্র সিজার সরকার (১৮) নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জামতলী-বামিহাল সড়কের মৌগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা একটার দিকে সিজারের মৃত্যু হয়।

নিহত সিজার সরকার মৌগ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি বগুড়ার মাহীসওয়ার ডিগ্রি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে সিজার সরকার মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে বামিহাল বাজারে যাচ্ছিলেন। জামতলী-বামিহাল সড়কে উঠতে গেলে একটি দ্রুতগতির নছিমন পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে সিজার সরকার গুরুতর আহত হন। পরে সিজারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা একটার দিকে সিজারের মৃত্যু হয়।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, সিজার সরকার রফিকুলের একমাত্র ছেলে। তাঁর এমন মৃত্যুর খবরে এলাকার মানুষ শোকাহত।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নিহত তরুণের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে দুর্ঘটনার পর ওই নছিমন রেখে চালক পালিয়ে গেছেন।