শয্যাসংকটে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝেতে চিকিৎসা

স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স–রে যন্ত্র বিকল। আলট্রাসনোগ্রাম ও ইসিজি যন্ত্রও নিয়মিত চালু থাকে না। জেনারেটর ১৩ বছর ধরে নষ্ট।

শয্যাসংকটে বারান্দায় শয্যা পেতে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার দুপুরে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ছবি: প্রথম আলো

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর ১৩ বছরের বেশি সময় ধরে বিকল। এক্স-রে যন্ত্রটি দুই মাসের বেশি সময় ধরে নষ্ট। ডিজিটাল আলট্রাসনোগ্রাম ও ইসিজি যন্ত্রটিও সব সময় চালু থাকে না। জেনারেটর বিকল থাকায় বিদ্যুৎ চলে গেলে রোগী এবং চিকিৎসক ও কর্মকর্তা–কর্মচারীরা ভোগান্তি পোহান। আর এক্স–রে, আলট্রাসনোগ্রাম ও ইসিজি যন্ত্র চালু না থাকায় রোগীদের অতিরিক্ত টাকা দিয়ে বাইরে থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। শয্যাসংকটের কারণে প্রায়ই রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯৬৮ সালে রাজৈর উপজেলা পরিষদের পাশেই প্রায় চার একর জায়গাজুড়ে প্রতিষ্ঠিত হয় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শুরুতে ১০ শয্যা থাকলেও স্বাধীনতা–পরবর্তীকালে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা করা হয়। সর্বশেষ ২০১০ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। তবে ২০১৭ সালে জনবল নিয়োগ দেওয়ার পর ৫০ শয্যার কার্যক্রম শুরু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরও জানা গেছে, এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১টি পদ থাকলেও ছয়টি পদ শূন্য। এর মধ্যে কনিষ্ঠ বিশেষজ্ঞের (সার্জারি, কার্ডিওলজি, ইএনটি, চক্ষু, চর্ম ও যৌন) পাঁচটি পদ রয়েছে। সিনিয়র স্টাফ নার্সের ৫টি পদের মধ্যে তিনটিই শূন্য। এ ছাড়া স্বাস্থ্য সহকারী, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল), মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিও), ফার্মাসিস্ট, উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (স্যাকমো), প্রধান সহকারী, ক্যাশিয়ার, সহকারী নার্স, স্বাস্থ্য পরিদর্শক, উপস্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, পরিচ্ছন্নতাকর্মীসহ আরও ৫০টি পদ শূন্য।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সটির পুরোনো ভবনের সিঁড়ির নিচে অকেজো অবস্থায় পড়ে রয়েছে জেনারেটরটি। নতুন ভবনের ১৩১ নম্বর কক্ষে এক্স-রে যন্ত্রটি বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে। হাসপাতালটির দ্বিতীয় ও তৃতীয় তলায় নারী ও পুরুষের আলাদা ওয়ার্ড। এর মধ্যে পুরুষের জন্য ১৬টি শয্যা ও নারী ও শিশুদের জন্য রয়েছে ৩৪টি শয্যা। হাসপাতালটিতে ৫০ শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ৬৬ জন। এর মধ্যে ৩০ জনই ডায়রিয়া ও ১৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত।

শয্যা খালি না থাকায় ১৬ জন রোগীর ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝে ও বারান্দায়। হাসপাতালের বিভিন্ন স্থানে স্যাঁতস্যাঁতে ও অপরিচ্ছন্ন থাকায় মশা–মাছির উপদ্রব বেড়েছে। সঙ্গে যুক্ত হয়েছে ভ্যাপসা গরম। দীর্ঘ ১৩ বছর ধরে হাসপাতালের জেনারেটরটি নষ্ট থাকায় লোডশেডিং হলেই চরম দুর্ভোগের শিকার হন ভর্তি রোগীরা।

১৮ মাস বয়সী ডায়রিয়া আক্রান্ত শিশু নুসরাতকে বুধবার রাতে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশু ওয়ার্ডে কোনো শয্যা খালি না থাকায় অসুস্থ শিশুটির ঠাঁই হয় হাসপাতালের খোলা বারান্দায়। নুসরাতের মা ফাতেমা বেগম প্রথম আলোকে বলেন, ‘বাচ্চাটা মাথা তুলতে পারছে না, খুব অসুস্থ। হাসপাতালে নার্সরা সেবা ভালো দিলেও একটা ওষুধও তারা দেয় নাই। সব বাইরে থেকে কিনে আনতে হইছে। এর মধ্যে পরিবেশটাও ভালো না। মশা-মাছির জ্বালায় টেকা যাচ্ছে না। খুব ভয়ের মধ্যে আছি।’

নুসরাতের পাশেই ঠাঁই হয়েছে ডায়রিয়া আক্তান্ত ৯ মাসের শিশু আলফার। শিশুটির মা খাদিজা বেগম প্রথম আলোকে বলেন, ‘এই অবস্থায় কী আর বলব? আমরা গরিব মানুষ। সরকারি হাসপাতালের এই পরিবেশ পরিস্থিতি বাধ্য হয়েই মানতে হচ্ছে।’

ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালের দ্বিতীয় তলার মেঝেতে শুয়ে মশারি ছাড়াই চিকিৎসা নিচ্ছেন সজীব হাওলাদার (২৫)। সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তাঁর বাবা হাবিব হাওলাদার বলেন, ‘ছেলেটার প্রচণ্ডÐজ্বর। কোনো শয্যা খালি নাই। ফ্লোরে ছেলেটার জায়গা হইছে। সেখানে স্যালাইন চলছে। আর মশারি দেবে কে?’

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার বিভা রানী বাড়ৈ প্রথম আলোকে বলেন, ‘রোগীর চাপ বেশি থাকায় রোগীদের
ফ্লোর ও বারান্দায় জায়গা করে দেওয়া হচ্ছে। শয্যার জন্য রোগীরা ঝামেলা করে, তাদের বোঝাতে হয়। রোগীরা পরিস্থিতি না বুঝে আমাদের সাথে খারাপ ব্যবহার করে। তবু আমরা চেষ্টা করি ভালো সেবা দিতে।’

এ সম্পর্কে হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা অপূর্ব মল্লিক প্রথম আলোকে বলেন, ‘আমাদের চিকিৎসক, কর্মচারী ও শয্যাসংকট আছে। এ কারণে সেবা দিতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে সংকট সমাধানে আমরা কাজ করছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সব সংকট নিরসন হবে।