নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ইউনাইটেড ফিলিং স্টেশনের সামনে বোমা সন্দেহে তালাবদ্ধ ব্যাগ পরীক্ষা করছে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট। শনিবার রাতে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ইউনাইটেড ফিলিং স্টেশনের সামনে বোমা সন্দেহে তালাবদ্ধ ব্যাগ পরীক্ষা করছে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট। শনিবার রাতে

সোনারগাঁয়ে বোমাসদৃশ ব্যাগ : পরিচয়পত্রে থাকা দুজনকে খুঁজছে পুলিশ, থানায় জিডি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ফিলিং স্টেশনে বোমাসদৃশ তালাবদ্ধ ব্যাগ রেখে যাওয়ার ঘটনায় উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্র ও ডাইভিং লাইসেন্সের সূত্র ধরে তদন্ত করছে পুলিশ।

এ ঘটনায় আজ রোববার পুলিশ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। একই সঙ্গে ঘটনার আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছেন পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী প্রথম আলোকে বলেন, ব্যাগের ভেতরে পাওয়া জাতীয় পরিচয়পত্রের ঠিকানা ধরে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে কি না এবং অন্য কোনো উদ্দেশ্যে তাঁরা ব্যাগটি সেখানে রেখে গেছেন কি না, তা তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ইউনাইটেড ফিলিং স্টেশনের ভেতরে এক নারী একটি তালাবদ্ধ ব্যাগ রেখে যান। সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য ধরা পড়ে। দীর্ঘ সময় ব্যাগটি পড়ে থাকলেও কেউ সেটি নিতে না আসায় সন্দেহের সৃষ্টি হয়।

পরে রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে পুলিশ, ডিবি পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে যায়। নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। রাত সোয়া দুইটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ব্যাগটি খুলে দেখে, ভেতরে কোনো বিস্ফোরক নেই। ব্যাগে ছেঁড়াফাড়া কাপড়চোপড়, একটি পার্স, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এক নারীর জাতীয় পরিচয়পত্র এবং তাঁর স্বামীর নামে একটি পেশাদার ডাইভিং লাইসেন্স পাওয়া যায়।