যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর, ৮ মাসের সন্তানকে ‘গাছে ঝুলিয়ে রাখলেন’ বাবা

নারী নির্যাতন
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলায় যৌতুক না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মামুন শেখ (৩০) নামের এক ব্যক্তি তাঁর স্ত্রীকে মারধর ও আট মাসের শিশু সন্তানকে গাছের ডালের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছিলেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নির্যাতনের অভিযোগে মামুন শেখের স্ত্রী কুলসুম বেগম (২৯) বাদী হয়ে গতকাল রাতে লোহাগড়া থানায় মামলা করেছেন। পরে রাতেই পুলিশ মামুন শেখকে গ্রেপ্তার করেছে।

অভিযুক্ত মামুন শেখ শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। মামুন পেশায় ট্রাকচালক। আজ মঙ্গলবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, ১৩ বছর আগে মামুন শেখের সঙ্গে কুলসুমের বিয়ে হয়। তাঁদের সংসারে তিন সন্তান আছে। মামুন শেখ বিভিন্ন সময় যৌতুকের জন্য তাঁকে স্ত্রীকে নির্যাতন করতেন। এক বছর আগে কুলসুমের অনুমতি ছাড়াই আরেকটি বিয়ে করেন মামুন। মামুন গতকাল দুপুরে কুলসুমকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলেন। তবে কুলসুম টাকা আনতে অস্বীকৃতি জানালে মামুন ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে তাঁকে বেধরক মারধর করেন। এরপর মামুন তাঁর স্ত্রীকে ভয় দেখানোর জন্য বাড়ির পাশে আমগাছের ডালে দড়ি বেঁধে দড়ির আপর প্রান্তে আট মাসের সন্তানকে ঝুলিয়ে রাখেন। এ সময় কুলসুম ও তাঁর শাশুড়ি আসমা বেগম চিৎকার করতে থাকেন। তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করেন। এ ঘটনার পর শিশুকে দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে রাখার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় কুলসুম বেগম বাদী হয়ে গতকাল রাতে শিশু হত্যাচেষ্টা এবং নারী ও শিশু নির্যাতন আইনে লোহাগড়া থানায় মামুন শেখের বিরুদ্ধে মামলা করেন। রাতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, মামলা রেকর্ডের পর গতকাল রাতেই মামুন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। মামুন মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।