সাভারে সড়ক পার হতে গিয়ে এক ব্যক্তি নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঢাকার অদূরে সাভারে সড়ক পারাপারের সময় গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫৫) নিহত হয়েছেন। ওই ব্যক্তি কোন গাড়ির চাপা পড়ে মারা গেছেন, তা এখনো জানা যায়নি। তাঁর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সাভারের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে থানার পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে নবীনগর এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের এক পাশ থেকে অপর পাশে যাওয়ার সময় একটি গাড়ি ওই ব্যক্তিকে চাপা দেয়। সেটা ট্রাক কিংবা বাস হতে পারে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। দায়ী পরিবহনটি চিহ্নিত করতে সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির পরনে গাঢ় রঙের ফুলহাতা টি-শার্ট, সাদা-কালো চেকের লুঙ্গি ও পায়ে প্লাস্টিকের স্যান্ডেল ছিল। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।