
মানিকগঞ্জের সিঙ্গাইরে ৫০৫ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল রোববার রাতে উপজেলার গাড়াদিয়া গ্রামের একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আজ সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের বিরুদ্ধে সিঙ্গাইর থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন উপজেলার গাড়াদিয়া গ্রামের হামেদা বেগম (২৯) ও তাঁর সহযোগী সদর উপজেলার মিতরা গ্রামের জসিম উদ্দিন (৩২)।
আজ সকালে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে হেরোইনের ব্যবসা করে আসছিলেন হামেদা বেগম। এর আগেও মাদকদ্রব্যসহ তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর সহযোগী হিসেবে কাজ করেন জসিম। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ১২টার দিকে হামেদার বাড়িতে অভিযান চালায় জেলা ডিবির একটি দল। এ সময় তাঁর বাড়ি থেকে ৫০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৫০ লাখ ৫০ হাজার টাকা। এ সময় হামেদা ও জসিমকে ওই বাড়ি থেকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে হেরোইন বিক্রির তিন হাজার টাকা উদ্ধার করা হয়।
জেলা ডিবির পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, হামেদা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন। ওই দুজনের বিরুদ্ধে নতুন করে আরেকটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিঙ্গাইর থানায় মামলা হয়েছে।