
শরীয়তপুর সদরের পালং ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আর অনিয়মের অভিযোগে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুস সালাম মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাঁকে বদলি করা হয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক পারভেজ হাসান এ অভিযান চালান। এ সময় ভূমি অফিসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তিন ঘণ্টা বন্ধ থাকার পর দুপুরে তা খুলে দেওয়া হয়।
সদর উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, পালং ইউনিয়ন ভূমি অফিসটি জেলা শহরে অবস্থিত। ওই কার্যালয়ে পালং ইউনিয়ন ও শরীয়তপুর পৌরসভার ভূমিসংক্রান্ত কার্যক্রম চালানো হয়। গ্রাহকদের ভূমির সেবা অনলাইনে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় অনলাইনে নামজারি করার আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, পরচা ও নকশা পাওয়ার আবেদন করতে হয় অনলাইনে। কিন্তু পালং ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের কর্মকর্তারা অনলাইনে ভূমি উন্নয়ন কর না নিয়ে নিজেরাই নগদে নিচ্ছিলেন। এ ছাড়া স্থানীয় যুবক দিদার হোসেনকে অফিসে বসিয়ে গ্রাহকদের কাছ থেকে অনলাইনে নামজারির আবেদন নেওয়া হচ্ছিল।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক পারভেজ হাসান পালং ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে অভিযান চালান। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুস সালাম মিয়া, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মাসুদ চোকদার, অফিস সহায়ক আবদুস সাত্তার ঢালী, নুরুন্নাহার আক্তার, আলাউদ্দিন মোল্লাকে ভূমি অফিস থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়। আর দিদার হোসেনকে আটক করা হয়। পরে বেলা ২টার দিকে দিদার হোসেন ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুস সালাম মিয়াকে জেলা প্রশাসকের কার্যালয়ে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়। বেলা আড়াইটার দিকে ভূমি অফিসের কার্যক্রম আবার চালু হয়।
শরীয়তপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুন প্রথম আলোকে বলেন, পালং ভূমি অফিসে কিছু অনিয়মের বিষয়ে জেলা প্রশাসকের কাছে তথ্য ছিল। তিনি রোববার ওই অফিসে অভিযান চালান। সেখানে কর্মরত কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিসি অফিসে নেওয়া হয়। এতে ৩ ঘণ্টার মতো ওই অফিসের কার্যক্রম বন্ধ ছিল।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুস সালাম মিয়া বলেন, ‘ভূমি অফিসের ভেতরে বসে এক ব্যক্তি গ্রাহকদের কম্পিউটারে অনলাইনে বিভিন্ন আবেদন করতে সহায়তা করেন। এখানে আমার পদায়ন হওয়ার আগে থেকেই তিনি ওই কাজ করছেন। মানুষের উপকার হয় এমনটা ভেবে আমি তাঁর বিষয়ে কোনো পদক্ষেপ নিইনি।’
এ বিষয়ে জেলা প্রশাসক পারভেজ হাসান প্রথম আলোকে বলেন, ভূমি সেবা ডিজিটালাইজ হয়েছে। গ্রাহকেরা অনলাইনে সব সেবা পাবেন। এমন সিদ্ধান্ত হওয়ার পরও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা নিজেই ভূমি উন্নয়ন করের টাকা নগদে গ্রহণ করছিলেন। আর একজন বেসরকারি লোক অফিসে বসিয়ে ওই কর্মকর্তার আইডি, পাসওয়ার্ড দিয়ে অনলাইনে কাজ করাচ্ছিলেন। সরকারি অফিসের আইডি, পাসওয়ার্ড বাইরের কারও কাছে থাকা ঝুঁকিপূর্ণ। এমন অভিযোগের সত্যতা পেয়ে একজন সহকারী ভূমি কর্মকর্তাকে শোকজ ও বদলি করা হয়েছে। এ ঘটনার তদন্ত করা হবে। প্রয়োজনে তাঁকে বরখাস্ত করার সুপারিশ করা হবে। আর যে ব্যক্তি সরকারি অফিসে বসে নিজের ব্যবসা করছিলেন, তাঁর বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।