টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মালবাহী পিকআপে আগুন

দুবৃত্তদের আগুনে পিকআপে থাকা কিছু মালামাল পুড়ে যান। বুধবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায়
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে একটি মালবাহী পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত পৌনে নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানে থাকা কিছু মালামাল ও চালকের হাত সামান্য পুড়ে যায়। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

বুধবার সারা দিন বিএনপির ডাকা অবরোধ চলে। সড়কে যানবাহন ও যাত্রী—দুটোই ছিল কম। অবরোধ ঠেকাতে দিনভর সড়কে মিছিল নিয়ে অবস্থান করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর লোকজন। এর মধ্যে সন্ধ্যায় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার প্রতিবাদে সন্ধ্যায় মশালমিছিল করেন বিএনপির নেতা–কর্মীরা। এর মধ্যে পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পিকআপের চালক সূত্রে জানা যায়, মালবাহী পিকআপ ভ্যানটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে ঢাকায় যাচ্ছিল। সড়কে যানবাহনের চাপ থাকায় পিকআপ ভ্যানটির গতি কম ছিল। এর মধ্যে রাত পৌনে নয়টার দিকে পিকআপটি টঙ্গীর হোসেন মার্কেট পৌঁছালে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত পিকআপে থাকা মালামালে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে চালক দ্রুত পিকআপ থেকে নেমে আশপাশের মানুষের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় পিকআপকে থাকা ফয়েল পেপার ও চালকের হাত সামান্য পুড়ে যায় বলে জানান স্থানীয় লোকজন।

বাসের চালক মো. আবদুল বারেক সাংবাদিকদের জানান, সড়কে যানবাহন বেশি থাকায় তাঁর পিকআপে গতি কম ছিল। গাড়িটি ধীরে ধীরে ঢাকার দিকে এগোচ্ছিল। এর মধ্যেই হঠাৎ দু–তিনজন ছেলে পিকআপের পেছনে থাকা ফয়েল পেপারে আগুন দিয়ে চলে যায়। পরে তিনি স্থানীয় ব্যক্তিদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কিছু ফয়েল পেপার ও তাঁর হাত সামান্য পুড়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। চালকও গাড়ি নিয়ে চলে যান। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে ব্যাপারে তদন্ত চলছে।’