ময়মনসিংহে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ভালুকা-ফুলবাড়িয়া উপজেলার সীমান্তবর্তী জোরার ব্রিজ এলাকার ভরাডোবা-সাগরদীঘি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নয়ন আহাম্মেদ (২৭)। তিনি ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। তিনি ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাঠাঁলি এলাকার আরফান আলী শেখের ছেলে। একই দুর্ঘটনায় শাহাদাত শাকিল নামের অন্য একজন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে শাহাদাত শাকিল নামের একজনকে সঙ্গে নিয়ে ফুলবাড়িয়া এলাকা থেকে মোটরসাইকেলে ভালুকায় আসছিলেন ছাত্রদল নেতা নয়ন আহাম্মেদ। ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তের জোরার ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী নয়ন আহাম্মেদ ঘটনাস্থলে নিহত এবং তাঁর সহযাত্রী শাকিল আহত হন। এ সময় ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয় লোকজন আহত ও নিহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ফুলবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ বলেন, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত হয়েছেন। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটিকে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবার আবেদন করায় লাশ হস্তান্তর করা হয়েছে।