সিলেট 

হঠাৎ সরব জামায়াত নেতারা 

চলতি জুলাই মাসে সিলেট বিভাগীয় সমাবেশ করার জন্য দুই দফা আবেদন করে পুলিশের অনুমতি পায়নি দলটি।

সিলেট জেলার মানচিত্র
সিলেট জেলার মানচিত্র

মাঝেমধ্যে ঝটিকা মিছিল আর গত বছর বন্যায় কিছু স্থানে ত্রাণ বিতরণ ছাড়া সিলেট অঞ্চলে প্রকাশ্যে দীর্ঘদিন ধরে জামায়াতের কোনো তৎপরতাই ছিল না। চলতি জুলাই মাসে সিলেট বিভাগীয় সমাবেশ করার জন্য দুই দফা আবেদন করে পুলিশের অনুমতি পায়নি দলটি। তবে সমাবেশ করতে না পারলেও সম্প্রতি দলটির নেতা-কর্মীদের তৎপরতা বেড়েছে।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ঈদুল আজহায় সিলেট বিভাগের বিভিন্ন সংসদীয় এলাকায় জামায়াতের অনেক গুরুত্বপূর্ণ নেতাকে শুভেচ্ছা জানিয়ে বিলবোর্ড, ফেস্টুন ও ব্যানার সাঁটাতে দেখা গেছে। মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলটির নেতারা এভাবে প্রকাশ্যে এসেছেন।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জামায়াত বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না।
মো. শাহজাহান আলী, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি

জামায়াতের একাধিক নেতা জানান, দলটি বিভাগের ৪ জেলার ১৯টি সংসদীয় আসনের মধ্যে ৯টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। এগুলোর মধ্যে সিলেট জেলায় পাঁচটি আসন, সুনামগঞ্জে দুটি আসন এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় একটি করে মোট দুটি আসন রয়েছে। প্রার্থীরা সবুজ সংকেত পাওয়ার পর এলাকায় নানাভাবে তৎপরতা শুরু করেছেন।

জামায়াত সূত্রে জানা গেছে, সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে সিলেট জেলা দক্ষিণের নায়েবে আমির লোকমান আহমদ, সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে সিলেট জেলা উত্তর শাখার সেক্রেটারি মু. জয়নাল আবেদীন, সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে সিলেট জেলা উত্তরের আমির আনোয়ার হোসেন খান, সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে ঢাকা মহানগর উত্তর শাখার আমির মু. সেলিম উদ্দিনকে আপাতত চূড়ান্ত করা হয়েছে।

এ ছাড়া মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) আসনে আমিনুল ইসলাম, সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে আবদুস সালাম মাদানী, সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে শামসুদ্দিন আহমদ এবং হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান আলীকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। যদি জামায়াত নির্বাচনে আসে, তবে তাঁরাই প্রার্থী হবেন বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সিলেটের রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সর্বশেষ ২০০৯ সালে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে টিপাইমুখে বাঁধ দেওয়ার প্রতিবাদে জামায়াত সিলেট নগরে সমাবেশ করেছিল। এরপর প্রকাশ্যে সংগঠনটি বড় ধরনের সভা-সমাবেশ করতে পারেনি। তবে দলের নেতা-কর্মীরা গোপনে ঠিকই তৎপর ছিলেন।

সর্বশেষ গত ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের ২০ জন নেতা কাউন্সিলর পদে প্রার্থী হন। তাঁদের মধ্যে ছয়জন জয়ও পেয়েছেন। ওই সিটি নির্বাচনে জামায়াতের তৃণমূলের কর্মীরা প্রার্থীদের পক্ষে তৎপর ছিলেন। এখন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের নেতা-কর্মীরা প্রকাশ্যে আসার চেষ্টা করছেন।

সিলেটের একাধিক রাজনৈতিক সূত্র জানিয়েছে, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত সিলেটের দুটি আসনে প্রার্থী দিয়েছিল। তাঁরা হলেন সিলেট-৫ আসনে ফরিদ উদ্দিন চৌধুরী ও সিলেট-৬ আসনে হাবিবুর রহমান। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে (ইসি) জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়। তবে তখন ওই নির্বাচন বিএনপি-জামায়াত জোট বর্জন করেছিল। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সিলেট বিভাগে জামায়াতের কোনো প্রার্থী ছিলেন না।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান আলী বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জামায়াত বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না। এ দাবি মানার পরই নির্বাচনে জামায়াত যাবে। আর নির্বাচনে অংশ নিলে যেসব প্রার্থী বিভিন্ন আসনে চূড়ান্ত করা হয়েছে, তাঁরাই জামায়াতের প্রার্থী হবেন।