জামালপুরে ইটের নিচে লুকিয়ে রাখা টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে শহরের বাগেরহাটা বটতলা এলাকায়
জামালপুরে ইটের নিচে লুকিয়ে রাখা টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে শহরের বাগেরহাটা বটতলা এলাকায়

জামালপুরে ইটের নিচে লুকিয়ে রাখা টিসিবির ৭২২ বোতল ভোজ্যতেল জব্দ

জামালপুর শহরের একটি পরিত্যক্ত গুদামের ইটের নিচে লুকিয়ে রাখা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৭২২ বোতল ভোজ্যতেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের বাগেরহাটা বটতলা এলাকার জামালপুর র‍্যাব-১৪ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে তেলের এসব বোতল জব্দ করা হয়।

জামালপুরের ভোক্তা অধিকার ও র‍্যাব-১৪ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, ওই এলাকার নূর রাইস মিলের পরিত্যক্ত গুদামে টিসিবির ভোজ্যতেল মজুত করা হয়েছে। পরে সেখানে যৌথ অভিযান চালানো হয়। এ সময় ওই গুদামের ইটের নিচে লুকিয়ে রাখা ৭২২ বোতল ভোজ্যতেল জব্দ করা হয়।

জামালপুর র‍্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিব বলেন, ‘আমরা আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করি। সেখানে ইটের নিচে তেলগুলো লুকিয়ে রাখা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এগুলো আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোক্তা অধিকার অধিদপ্তরের জামালপুরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, তেলের বোতলগুলোর গায়ের মোড়ক তুলে ফেলা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এগুলো টিসিবির পণ্য। ওই পণ্যগুলো বিতরণ না করে সেখানে জমিয়ে রাখা হচ্ছিল। অভিযান চালিয়ে ভোজ্যতেলের দুই লিটারের ৭২২ বোতল জব্দ করা হয়। ওই তেলগুলো কোন ডিলারের ছিল এবং সেখানে কারা রেখেছেন, এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।