মাদারীপুরে প্রকাশ্যে দুই যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৮টার দিকে শহরের পুরানবাজার কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত দুজন হলেন সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা এলাকার কাঁচামাল ব্যবসায়ী রুবেল আকন (৩০) ও সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকার মোবারক মাতুব্বরের ছেলে রুবেল মাতুব্বর (৩৫)। এঁদের মধ্যে রুবেল মাতুব্বরের বিরুদ্ধে সদর থানায় ৮টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুরানবাজার এলাকার একটি দোকানের সামনে দাঁড়িয়ে হালিম খাচ্ছিলেন রুবেল মাতুব্বর ও রুবেল আকন। এ সময় ১০ থেকে ১৫ সদস্যের একদল দুর্বৃত্ত মাংকি টুপি পরে দেশীয় অস্ত্র দিয়ে রুবেল মাতুব্বর ও রুবেল আকনকে এলোপাতাড়ি কোপানো শুরু করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুবেল মাতুব্বরকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠান।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা জাহিন আরেফিন বলেন, গুরুতর অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের দুজনের শরীর, হাতে ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এর মধ্যে রুবেল মাতুব্বরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী শাহাদাত হোসেন বলেন, ‘একদল লোক মাংকি টুপি পরে মোটরসাইকেল থেকে নেমে দুজনকে কোপানো শুরু করে। লোকজন বেশি হয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে আহত ব্যক্তিদের আমরা হাসপাতালে নিয়ে আসি।’
এ সম্পর্কে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘দুজনকে কুপিয়ে জখম করার কথা শুনেছি। আমাদের ধারণা, পূর্বশত্রুতার জেরে এই হামলা চালানো হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’