পটুয়াখালীর দশমিনায় বিএনপির কর্মিসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম
পটুয়াখালীর দশমিনায় বিএনপির কর্মিসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম

যারা বিএনপিকে মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না, ফেসবুকে বিএনপি নেতার ভিডিও

যারা বিএনপিকে মানবে না, তারা ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড পাবে না বলে জানিয়েছেন পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম (শানু)। তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দলের নেতা–কর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা–সমালোচনা শুরু হয়েছে।  

ফেসবুকে ছড়িয়ে পড়া ২৯ সেকেন্ডের ভিডিওতে শাহ আলম বলেন, ‘যারা আজকের মিটিংয়ে আসেন নাই, তাঁদের ছবি তুলে রাখেন। আমরা যারা পারিবারিক কার্ড শুরু করেছি, যারা বিএনপিকে মানবে না, তারা ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড পাবে না। দল করবেন, বিএনপি–তারেক রহমানের কথা শুনবেন না, দলের কথা শুনবেন না, আপনাগের পূজা দেমু? কোনো সন্ত্রাসী আর চলবে না এ দেশে। সৈয়দ নাই, তালুকদার নাই, জমিদার নাই।’

দলীয় সূত্রে জানা যায়, গত বুধবার চরবোরহান ইউনিয়নে উপজেলা বিএনপির আয়োজনে একটি কর্মিসভা অনুষ্ঠিত হয়। এতে আলোচনা সভার একপর্যায়ে নেতা–কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম। সেখানে তিনি এসব কথা বলেন।

এ বিষয়ে আজ সোমবার দুপুরে শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় নেতা–কর্মীদের মধ্যে কিছুটা শৃঙ্খলার ঘাটতি দেখা দিয়েছে। তাই তাদের সংগঠিত করতে এ ধরনের কথা বলেছি। একটি মহল সম্পূর্ণ বক্তব্য না দেখিয়ে আংশিক ভিডিও ছড়িয়ে দিয়েছে।’

দশমিনা উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল জামান (বাদল) বলেন, তিনি শাহ আলমের বক্তব্য শুনেছেন। তিনি এ ধরনের বক্তব্য দিতে পারেন না। ফ্যামিলি ও কৃষি কার্ড সর্বজনীন। এখানে কোনো দল-মতের বিষয় নেই। এমন বক্তব্য দেওয়ায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান (টোটন) বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি ও কৃষি কার্ড চালু করা হয়েছে। নিয়ম অনুযায়ী এসব সুবিধা পাওয়ার অধিকার সব নাগরিকের রয়েছে। এখানে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর বিষয় নেই। তিনি ভুল (শাহ আলম) ব্যাখ্যা দিয়েছেন।