বধ্যভূমিতে শুকানো হচ্ছে গরুর গোবরের ঘুঁটে। সম্প্রতি নওগাঁর মান্দা উপজেলার মনোহরপুর বধ্যভূমিতে
বধ্যভূমিতে শুকানো হচ্ছে গরুর গোবরের ঘুঁটে। সম্প্রতি নওগাঁর মান্দা উপজেলার মনোহরপুর বধ্যভূমিতে

নওগাঁ

অযত্ন-অবহেলায় বধ্যভূমি

জেলার চিহ্নিত ৬৭টি বধ্যভূমির মধ্যে ১২টি বধ্যভূমিতে শহীদ স্মৃতিফলক রয়েছে। এর মধ্যে পাঁচটি বধ্যভূমির সীমানাপ্রাচীর আছে।

বিজয়ের তিন দিন আগে ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর দুপুরে নওগাঁর মান্দা উপজেলার মনোহরপুর এলাকায় নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী ও রাজাকাররা। ওই দিন গ্রামটিতে মুক্তিকামী ১৬ জন বাঙালিকে হত্যা করা হয়।

২০১৬ সালে সরকারি উদ্যোগে মনোহরপুর এলাকায় শহীদদের স্মরণে একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়। সেই বছরই সেখানে বধ্যভূমির স্থানটিতে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ উদ্বোধন করা হয়। কিন্তু জমি নিয়ে বিরোধের কারণে পরবর্তী সময়ে প্রাচীর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। সেখানে এখনো সীমানাপ্রাচীর নির্মিত হয়নি। সীমানাপ্রাচীর না থাকায় বধ্যভূমিটি সারা বছর অযত্ন-অবহেলায় পড়ে থাকে।

শহীদ পরিবারের সদস্য মনোহরপুর গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান আক্ষেপ করে বলেন, ‘এই কবরগুলাত অ্যাখন গরু-ছাগল চড়ে বেড়ায়। কয়েক বছর আগে শুনছুনো কবরস্থানটার চারপাশত নাকি প্রাচীর হবে। পরে তো আর হলো না। একটা স্মৃতিফলক হছে, সেটাও নষ্ট হয়ে যাছে।’

সম্প্রতি মনোহরপুর বধ্যভূমিতে গিয়ে দেখা যায়, বধ্যভূমির যে স্থানে স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে, সেখানে গরুর গোবর শুকাতে দেওয়া হয়েছে। গণকবরের স্থানটিতে সীমানাপ্রাচীর নেই। ঝোপঝাড়ে ছেয়ে যাওয়া গণকবরের জায়গায় চড়ে বেড়াচ্ছে কয়েকটি গরু।

একাত্তরে হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন মনোহরপুর গ্রামের ফইমালী বেওয়ার স্বামী আছির উদ্দিন ও বাবা লাল মোহাম্মদ। ফইমালী বেওয়া বলেন, ‘একাত্তরের যুদ্ধে শ্যাষ হওয়ার তিন দিন আগে বিকাল ব্যালা পাক বাহিনী ও রাজাকাররা হামাগের পুরা গ্রাম ঘিরে ফ্যালে। সেদিন ওরা গ্রামের ১০-১২টা বাড়ি পুড়ায়ে দেয়। ওদের হাতে হামার স্বামী, বাপসহ ১৮ জন ধরা পড়ছিল। ভাগ্যচক্রে দুজন ব্যাঁচে গেলেও হামার স্বামী, বাপসহ ১৬ জন মানুষ সেদিন মারা যায়।’

২০১৭ সালে প্রকাশিত মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস নওগাঁ জেলা বইয়ের লেখক আইয়ুব হোসেন জেলায় ৩০টি বধ্যভূমির কথা উল্লেখ করেছেন। তবে ২০১৯ সালে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’ থেকে তরুণ গবেষক মোস্তফা আল মেহমুদ সম্পাদিত গণহত্যা ১৯৭১ নওগাঁ নামে বইয়ে জেলায় ৬৭টি বধ্যভূমির কথা উল্লেখ করা হয়েছে।

নওগাঁয় চিহ্নিত ৬৭টি বধ্যভূমির মধ্যে ১২টি বধ্যভূমিতে শহীদ স্মৃতিফলক রয়েছে। সীমানাপ্রাচীর আছে ৫টি বধ্যভূমির। বাকি ৬২টি বধ্যভূমিই অরক্ষিত। ১৯৭১ সালের ৩০ নভেম্বর পত্নীতলা উপজেলার হালিমনগরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ৩৬ জনকে গুলি করে হত্যা করে পাকিস্তানি সেনারা। হালিমনগর খালসংলগ্ন ওই বধ্যভূমির স্থানটি অরক্ষিত, ফলে চেনার কোনো উপায় নেই।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন বলেন, স্বাধীনতার ৫১ বছরেও অনেক গণকবরই সংরক্ষণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এটা দুঃখজনক। এগুলো সংরক্ষণ করা প্রশাসনের দায়িত্ব।

তরুণ গবেষক মোস্তফা আল মেহমুদ বলেন, তাঁর সম্পাদিত বইয়ে নওগাঁয় ৬৭টি বধ্যভূমির কথা উল্লেখ করা হলেও এখন পর্যন্ত শতাধিক বধ্যভূমির সন্ধান পাওয়া গেছে। বইটির পরবর্তী সংস্করণে বাকিগুলোর কথা উল্লেখ করা হবে।