আনোয়ার হোসেন
আনোয়ার হোসেন

বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী আহত, পরে ঢাকায় মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম আনোয়ার হোসেন ওরফে নয়ন (৩৫)। তিনি উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারা গ্রামের মৃত আবদুল হাইয়ের ছেলে। আনোয়ার স্থানীয় গাংরা বাজারে পান ও জুতার ব্যবসা করতেন। গতকাল মঙ্গলবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আনোয়ারের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

আজ দুপুর পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক ১১টার দিকে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন আনোয়ার হোসেন। বাড়ি কাছাকাছি দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর গতি রোধ করে। এ সময় আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মাথায় আঘাত করে পালিয়ে যায় তারা।

ওই সময় আনোয়ারের চিৎকার শুনে স্থানীয় একাধিক বাসিন্দা এগিয়ে আসেন। তাঁরা আনোয়ারকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়।

আনোয়ারের বোন কহিনুর আক্তার জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে অক্সিজেনের সংকট ছিল। পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তাঁর ভাইয়ের মৃত্যু হয়।

ভাইয়ের মৃত্যুতে পুরো পরিবার অভিভাবকহীন হয়ে পড়েছে জানিয়ে কহিনুর আক্তার বলেন, ‘আমার ভাই একজন শান্ত মানুষ। কেন তাঁকে এভাবে খুন করা হয়েছে, আমরা তা জানি না। আমি খুনিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার চাই।’

জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, একই এলাকার একটি পক্ষের সঙ্গে আনোয়ার হোসেনের জমি নিয়ে বিরোধ ছিল। এ বিষয়ে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।