বরিশালে সড়ক দুর্ঘটনায় মো. রিয়াজুল ইসলাম ওরফে সবুজ (৪৫) নামের বিএনপির এক নেতা নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার কাঠেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রিয়াজুল ইসলামের বাড়ি সদর উপজেলার চরআইচা গ্রামে। তিনি বরিশাল জেলা দক্ষিণ ও সদর উপজেলা বিএনপির সদস্য ছিলেন। রিয়াজুলের মৃত্যুর খবরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর শুনে গভীর রাতে দলটির নেতা-কর্মীরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। এ সময় নেতা-কর্মীরা কান্নায় ভেঙে পড়েন।
বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী এনায়েত হোসেন বলেন, রিয়াজুল ইসরাম বরিশাল দক্ষিণ জেলা বিএনপি ও বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
রিয়াজুলের পারিবারিক সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে রিয়াজুল তাঁর দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বাকেরগঞ্জ থেকে বরিশাল নগরের উদ্দেশে আসছিলেন। পথে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার কাঠেরঘর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা তাঁদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে আহত হন তাঁরা। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় সেখানে চিকিৎসক রিয়াজুলকে মৃত ঘোষণা করেন।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, আজ জোহর নামাজ শেষে বরিশাল জিলা স্কুল মাঠে রিয়াজুল ইসলামের প্রথম জানাজা হয়। এতে বিএনপির মহানগর, জেলা ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। পরে তাঁর লাশ গ্রামের বাড়ি বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে আসরের নামাজ শেষে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
রিয়াজুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান, সদস্যসচিব মীর জাহিদুল কবির ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। তাঁরা রিয়াজুলের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।