
ব্যাংক হিসাবের মাধ্যমে এক পুলিশ সদস্যের অবৈধ টাকা লেনদেন করতে অস্বীকৃতি জানানোয় উজ্জ্বল বিশ্বাস (৩২) নামে যশোরের এক ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে পুলিশের বিরুদ্ধে ওই ব্যবসায়ী এ অভিযোগ করেন।
উজ্জ্বল বিশ্বাসের যশোর শহরের পালবাড়ি মোড়ে ইলেকট্রনিকস সামগ্রীর দোকান আছে। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম আশীষ। তিনি যশোর পুলিশ লাইনসে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত। নির্যাতনের অভিযোগের বিষয়ে পুলিশ সদস্য আশীষের বক্তব্য পাওয়া না গেলেও জেলা পুলিশ বলছে, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আছে। সেসব অভিযোগ ঢাকতে তিনি পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে উজ্জ্বল বিশ্বাস বলেন, ‘যশোর শহরের পালবাড়ি মোড়ে আমার ব্যবসাপ্রতিষ্ঠান আছে। দোকানে কাজের সুবাদে আসা-যাওয়া করায় এএসআই আশীষের সঙ্গে আমার পরিচয় হয়। পরবর্তী সময়ে আশীষ ব্যস্ত থাকার অজুহাতে আমার ব্যাংক হিসাব নম্বর ব্যবহার করে ছোটখাটো লেনদেন শুরু করেন। একপর্যায়ে লাখ লাখ টাকা লেনদেন শুরু করেন। একদিন পুলিশের দুই সদস্য আশীষের জন্য আমার কাছে ১৪ লাখ টাকা রেখে যান। এরপর আশীষ ফোন করে ওই টাকা আমার ব্যাংক হিসাবে জমা রাখতে বলেন। পরে সেই টাকা বিভিন্ন ব্যক্তির ব্যাংক হিসাবে পাঠানো হয়।’
উজ্জ্বল বিশ্বাস জানান, এএসআই আশীষ ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত তাঁর ব্যাংক হিসাব নম্বর ব্যবহার করে প্রায় ৬৫ লাখ টাকা লেনদেন করেন। এত টাকার লেনদেনের বিষয়টি সন্দেহজনক হওয়ায় তিনি ব্যাংক হিসাব ব্যবহার করে লেনদেন করতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর নির্যাতন শুরু করেন আশীষ। দোকানে ভাঙচুর করে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক, পাসওয়ার্ডসহ দুটি ব্যাংকের কার্ড ছিনিয়ে নিয়ে যান। পাশাপাশি পাঁচ লাখ টাকার একটি চেক ও ফাঁকা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর করিয়ে নেন। পরে আশীষ দাবি করেন, তিনি ২৫ লাখ টাকা পাবেন। ওই টাকা না দিলে তাঁকে আটক ও গুম করা হবে।
উজ্জ্বল অভিযোগ করে বলেন, এএসআই আশীষ নিজেকে ডিআইজির লোক পরিচয় দিয়ে অব্যাহতভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। এ অবস্থায় প্রাণভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে উজ্জ্বলকে।
অভিযোগের বিষয়ে জানতে এএসআই আশীষকে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সাড়া দেননি। তবে তিনি সাংবাদিকদের বলেছেন, যে ব্যক্তি পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন, ওই উজ্জ্বল বিশ্বাসের নামে অনেক অভিযোগ আছে। মাদকসহ অবৈধ কার্যক্রমের সঙ্গে তিনি জড়িত। বিষয়টি ভিন্ন খাতে নিতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। নির্যাতনের বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’