অবৈধভাবে মাটি ও বালু তোলা বন্ধে ব্যবস্থা নিতে এক নৌ পুলিশ পরিদর্শককে মুঠোফোনে হুঁশিয়ার করে দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আমিনুল হককে মুঠোফোনে তিনি বলেছেন, ‘এই জায়গায় যদি মাটি কাটা হয়, আপনার খবর আছে।’
আব্দুল্লাহ আল আমিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব। মুঠোফোনে কথা বলার সময় ধারণা করা এক ভিডিওতে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে বলতে শোনা যায়, ‘শোনেন, আপনার (পরিদর্শক) বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ। মাটি কাটার কমিশন খাবেন, আর আমাকে বলবেন অভিযান আছে—এই সব ফাইজলামি বাদ দেন। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ, মাটি কাটার কমিশন খান আপনি।’ এরপর তিনি বলেন, ‘অভিযোগ যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে কাল থেকে যেন কোনো মাটি কাটা না হয়। এই জায়াগয় যদি মাটি কাটা হয়, আপনার খবর আছে।’
ভিডিওতে অপর প্রান্তের ব্যক্তির বক্তব্য শোনা না গেলেও তাঁর কথার জবাবে এমপি বলেন, ‘ঠিক আছে, আমরা দেখতে চাই এটা।’ পরে তিনি বলেন, ‘যতগুলো লোক নদী পার হয়, তারা দেখতাছে মাটি কাটতাছে। আপনারা ঘুমান, এটা যাতে না হয়। ঠিক আছে।’
কথোপকথনের বিষয়ে জানতে চাইলে বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আমিনুল হক প্রথম আলোকে বলেন, সংসদ সদস্য মঙ্গলবার বিকেলে তাঁকে নদীতে অবৈধভাবে চলা ‘গ্রাফি’ (বালু-মাটি তোলার বিশেষ নৌযান) বন্ধের বিষয়ে ফোন করেছিলেন। তাঁর ভাষ্য, নদীতে মাঝেমধ্যে একটি যন্ত্র দিয়ে চুরি করে মাটি কাটার কাজ চলত। সেটি যাতে ভবিষ্যতে না চলে, সে বিষয়ে তাঁকে সতর্ক করা হয়েছে।
পরিদর্শক আমিনুল হক বলেন, ‘উনি আমাকে ফোন করে বলেছেন, নদীতে যে গ্রাফি মাঝেমধ্যে চলত, চুরি করে চালাত—এটা যাতে ভবিষ্যতে না চলে। এটা কীভাবে ঠেকাবেন। কেউ যেন গ্রাফি চালাতে না পারে। আমি নিজে নদীতে নামছি। ইনশা আল্লাহ আমরা অভিযানে আছি, যাতে তারা নামতে না পারে। কোনো গ্রাফি যেন নদীতে না থাকে।’
এর আগে গত সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী বাজার এলাকায় এনসিপির নেতা তৌহিদুল ইসলামসহ কয়েকজন নেতা–কর্মীর ওপর হামলার ঘটনা ঘটে। ওই হামলার ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে না, এমন অভিযোগ তুলে এনসিপির নেতা–কর্মীরা ফতুল্লা মডেল থানার সামনে জড়ো হন। সেখানে জেলা এনসিপির আহ্বায়ক জোবায়ের সরদারের ‘লাশের বদলে লাশ’ এবং ‘থানার ইট খুলে নেওয়ার’ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তৌহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক মো. হাসান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। মামলায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ, নজরুলসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করা হয়েছে। মামলায় হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
এনসিপির নেতাদের অভিযোগ, তৌহিদুল ইসলাম বক্তাবলী ও আশপাশের এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও ইটভাটার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। তাঁদের অভিযোগ, এ কারণেই তাঁর ওপর হামলা করা হয়েছে।