চট্টগ্রাম নগরের ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যাওয়ার আগে ওই ব্যক্তিকে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়
চট্টগ্রাম নগরের ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যাওয়ার আগে ওই ব্যক্তিকে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়

বিপণিবিতানের রেলিংয়ে হেলান দেওয়ার চেষ্টা, হঠাৎ নিচে পড়ে মৃত্যু

চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকার ফিনলে স্কয়ার নামের বিপণিবিতানে পঞ্চম তলা থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি ফিনলে স্কয়ারের পঞ্চম তলায় মোবাইল জোনে ঘোরাফেরা করছিলেন। রাতের দিকে বিপণিবিতান বন্ধ হওয়ার সময় অন্যরা বের হয়ে গেলেও তাঁকে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন কয়েকজন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, তিনি রেলিংয়ে হেলান দেওয়ার চেষ্টা করেছিলেন। একপর্যায়ে সেখান থেকে নিচে পড়ে যান।

ফিনলে স্কয়ারের নিরাপত্তা তত্ত্বাবধায়ক প্রিয় দত্ত বলেন, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। পরে জানতে পারেন, ওই ব্যক্তি মোবাইল জোনের ফ্লোরে অবস্থান করছিলেন। কীভাবে তিনি নিচে পড়ে গেছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে দোকানিদের ভাষ্য অনুযায়ী, রেলিংয়ে হেলান দিতে গিয়ে তিনি পড়ে যেতে পারেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নুরুল আলম আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।