নবজাতকের হাতের ক্যানুলা খুলতে গিয়ে কাটা পড়ল আঙুল

পাবনা জেনারেল হাসপাতাল
ফাইল ছবি

পাবনা জেনারেল হাসপাতালে এক নবজাতকের হাতে লাগানো ক্যানুলা খুলতে গিয়ে হাতের আঙুল কেটে ফেলার অভিযোগ উঠেছে। হাসপাতালের নার্সের পরিবর্তে এক আয়া ক্যানুলা খুলছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই আয়া পালাতক। তাঁর নাম-পরিচয় কেউ বলতে পারেননি।

ভুক্তভোগী নবজাতকের পরিবার ও হাসপাতালে ভর্তি রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নবজাতকটি জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের রায়পুর মাঝপড়া গ্রামের চন্দন পালের। ২৩ দিন আগে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার জন্ম হয়। ঠান্ডাজনিত সমস্যায় ২৮ ফেব্রুয়ারি তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর নবজাতকটি সুস্থ হলে ২ ফেব্রুয়ারি বিকেলে তাকে ছাড়পত্র দেওয়ার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল নবজাতকটির পরিবার। এ সময় নবজাতকটির হাতে একটি ক্যানুলা লাগানো ছিল। শিশুটির স্বজনেরা ক্যানুলাটি খুলতে নার্সকে ডাকতে থাকেন। কিন্তু নার্স আসতে দেরি হওয়ায় একজন আয়া কাঁচি নিয়ে এসে ক্যানুলাটি খুলতে যান। এ সময় ক্যানুলার সঙ্গে শিশুটির একটি আঙুল কেটে যায়। তখন শিশুটির পরিবারের লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করলে ওই আয়া দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।

শুক্রবার সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা গেছে, শিশু ওয়ার্ড থেকে শিশুটিকে অর্থোপেডিক ওয়ার্ডে আনা হয়েছে। সেখানে মেঝেতে নবজাতকটিকে কোলে নিয়ে বসে আছেন মা। পাশেই স্তব্ধ বাবা। কারও মুখে কথা নেই। নিজেদের নাম-পরিচয়ও বলছেন না তাঁরা।

হাসপাতালে থাকা অন্য রোগীর স্বজনেরা জানান, বিষয়টি ধামাচাপা দিতে কয়েক দফা হাসপাতালের লোকজন এসেছেন। তাঁরা এ বিষয়ে কাউকে কিছু বলতে শিশুটির পরিবারকে নিষেধ করেছেন। আড়ালে ডেকেও কথা বলেছেন। এর পর থেকে শিশুটির পরিবার আর কিছু বলতে চাচ্ছে না। পরিবারটি তাদের নাম-পরিচয় পর্যন্ত গোপন করে যাচ্ছে।

এ বিষয়ে শিশুটির বাবা চন্দন পাল কোনো কথা বলতে রাজি হননি। কেউ হুমকি দিয়েছে কি না, জানতে চাইলে উত্তরে শুধু বলেছেন, ‘না’। অর্থোপেডিক ওয়ার্ডে দায়িত্বরত নার্সরাও কিছু বলতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে একজন নার্স বলেন, আঙুল কাটা অবস্থায় শিশুটি তাঁদের ওয়ার্ডে ভর্তি হয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কীভাবে কোথা থেকে আঙুলটি কাটা গেছে, তা তিনি জানেন না।

হাসপাতালের সহকারী পরিচালক ওমর ফারুক মীর প্রথম আলোকে বলেন, কেউ এমন কোনো অভিযোগ করেননি। সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি জেনেছেন। তাঁরা খোঁজখবর নিচ্ছেন। ঘটনা সত্য হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।