বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে আমন ধান সংগ্রহ অভিযানবিয়ষক পর্যালোচনা সভায় কথা বলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সোমবার দুপুরে
বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে আমন ধান সংগ্রহ অভিযানবিয়ষক পর্যালোচনা সভায় কথা বলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সোমবার দুপুরে

চাপ কমলে বাজারও স্থিতিশীল হয়ে আসবে: খাদ্য উপদেষ্টা

খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চালের বাজার স্থিতিশীল রাখতে গুদামে চাল সংরক্ষণের পাশাপাশি খাদ্য বিভাগের মাধ্যমে খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রি কার্যক্রম চালু রাখা হয়েছে। প্রয়োজনের এর পরিমাণ আরও বাড়ানো হবে। চাপ কমলে বাজারও স্থিতিশীল হয়ে আসবে। এতে সাধারণ মানুষের সুবিধা হবে। আজ সোমবার দুপুরে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে চলতি আমন সংগ্রহ অভিযানবিষয়ক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বরিশাল বিভাগের চলতি আমন মৌসুমের লক্ষ্যমাত্রা অর্জন ও এর সুবিধা-অসুবিধা সম্পর্কে পর্যালোচনা এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন খাদ্য উপদেষ্টা। সভায় বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা ও খাদ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন খাদ্য উপদেষ্টা।

আলী ইমাম মজুমদার বলেন, খাদ্য নিরাপত্তাকে মানবাধিকারের সবচেয়ে বড় বিষয় বিবেচনা করছে সরকার। আর এ লক্ষ্যেই সরকার কাজ করছে। তিনি আরও বলেন, খাবারের অধিকার হচ্ছে মানবাধিকার। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার পাইলট কার্যক্রমে উৎপাদন বাড়ানো, কৃষকদের প্রণোদনা দিয়ে খাদ্যশস্য কেনা, আমদানিতে কর ও শুল্ক মওকুফ, খোলাবাজারে কম দামে খাদ্যপণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে।

খাদ্য উপদেষ্টা বলেন, বিভিন্ন পর্যালোচনার পরে দেখা গেছে, বরিশাল অঞ্চলে আমনের আবাদ দেরিতে হয়। আমন সংগ্রহের জন্য সময়সীমা যেটা নির্ধারণ করা আছে, সেই সময়সীমার মধ্যে সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। এই বিভাগে আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ও অর্জন আশাব্যঞ্জক।

আলী ইমাম মজুমদার বলেন, দেশে টিসিবি ও খাদ্য বিভাগের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালিত হতো। কিন্তু এখন খাদ্য বিভাগের ওএমএস কার্যক্রম ফসলি মৌসুমের কারণে কিছুদিনের জন্য মফস্বলে স্থগিত রাখা হয়েছিল। এটা আবার  চালু করে দেওয়া হয়েছে। প্রতি কার্যদিবসে প্রতি উপজেলায় দুই মেট্রিক টন করে চাল ওএমএসে দেওয়া হচ্ছে। দরকার হলে এটা আরও বাড়ানো হবে।