পাংশায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের গোপালপুর কবরস্থান এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শমসের আলী মণ্ডল (৩১)। তিনি পাংশার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের লোকমান আলী মণ্ডলের ছেলে।

স্থানীয় কয়েকজন বলেন, শমসের আলী মোটরসাইকেল নিয়ে কুষ্টিয়ার খোকসায় যাচ্ছিলেন। গোপালপুর কবরস্থান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ওই যুবকের ঘটনাস্থলে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তাঁর লাশ উদ্ধার করার প্রক্রিয়া চলছে।