দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ ফিরছে, তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে শেষ বিকেলে ঝড়ো বাতাস ছিল প্রবল। সোমবার বিকেলে খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ এলাকায়
ছবি: সাদ্দাম হোসেন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট ঝোড়ো বাতাসে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় আঘাত হানার সঙ্গে সঙ্গে অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। এরই মধ্যে অবশ্য বিদ্যুৎ ফিরতে শুরু করেছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে।

বিদ্যুৎ বিতরণ সংস্থা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) খুলনা বয়রা সদর দপ্তরের উপ–বিভাগীয় প্রকৌশলী এস এম আবুল কালাম এসব তথ্য জানিয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াইটায় প্রথম আলোকে মুঠোফোনে তিনি বলেন, বরগুনা, ভোলা, বাগেরহাট, মেহেরপুর, নড়াইলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। ঝালকাঠি, পিরোজপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার বিদ্যুৎ পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এসব জেলায় বিদ্যুৎ সঞ্চালন শুরু হতে মঙ্গলবার ৯টা থেকে ১০টা পর্যন্ত লেগে যেতে পারে।

ওজোপাডিকোর এই কর্মকর্তা জানান, সিত্রাংয়ের তাণ্ডবে গাছ এবং গাছের ডালপালা ভেঙে বিদ্যুতের লাইন ও খুঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতে কাজ চলছে। এতে ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করছেন। ঘূর্ণিঝড়ের গতি কমে আসার সঙ্গে সঙ্গে বিদ্যুতের লাইন মেরামতের কাজ শুরু হয়েছে। তবে রাস্তা–ঘাট এখনো চলাচলের উপযোগী হয়নি। ফলে মেরামতের কাজে সময় লাগছে।

এদিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ফরিদপুরের ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ উপড়ে পড়ায় দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে গাছগুলো অপসারণ করে দুটি মহাসড়কে আবার যান চলাচল শুরু করা হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, সোমবার দিবাগত রাত ২টা থেকে সীমিত পর্যায়ে ওই দুই পথেই বাস চলাচল শুরু হয়েছে। প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম ও নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন।

উপকূলীয় এলাকাগুলোতে ঝড়ের তীব্রতাও অনেকটা কমে এসেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা বাতাসে কুমিল্লায় তিনজন, ভোলায় দুজন, সিরাজগঞ্জে দুজন, নড়াইল ও বরগুনায় একজন করে মোট নয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতির কারণে মঙ্গলবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার দিবাগত রাতেই ঘূর্ণিঝড়টি রাজধানীর ওপর দিয়ে সিলেট হয়ে ভারতে প্রবেশ করবে। এ সময় এটি স্থল নিম্নচাপে পরিণত হবে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। ঝড়ের প্রভাবে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপকূলসহ দেশের বেশির ভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।