জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

হলে আসনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে আবার ছাত্রীদের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

আবাসিক হলে আসনের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে আড়াই ঘণ্টা বিক্ষোভ করেছেন দুটি হলের ছাত্রীরা। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকা থেকে শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া হলের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে যান। উপাচার্যের বাসভবনের সামনে ৭০ জন শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

পরে রাত সাড়ে ১১টার দিকে সহ–উপাচার্য (প্রশাসন) মনজুরুল হক, প্রাধ্যক্ষ কমিটির সভাপতি নিগার সুলতানা ও প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে রাত ১২টার দিকে তাঁদের আশ্বাসে ছাত্রীরা হলে ফিরে যান।

২৩ জুলাই রাতে ওই দুটি হলের ছাত্রীরা একই দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে তিন ঘণ্টা ধরে বিক্ষোভ করেন। ওই দিন উপাচার্য শিক্ষার্থীদের ২৭ জুলাই ইউজিসির সঙ্গে আলোচনা করে নবনির্মিত হলে কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়ে কবে নাগাদ ছাত্রীদের ওঠানো হবে, তার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। ২৭ জুলাইয়ের পর দুই দিন পার হলেও কোনো আশ্বাস না পেয়ে গতকাল আবার অবস্থান নেন শিক্ষার্থীরা।

উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রীরা ‘এক দফা এক দাবি, নতুন হলে সিট চাই’, ‘আমরা থাকি গণরুমে ভিসি স্যার কী করে’, ‘গণরুমের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তাঁদের ভাষ্য, প্রথম ও দ্বিতীয় বর্ষের তিন শতাধিক শিক্ষার্থী গণরুমে থাকেন। তীব্র গরমে ফ্যানের সংখ্যা অপর্যাপ্ত হওয়ায় তাঁরা পড়াশোনা করতে পারেন না। অনেকে গরমে অসুস্থ হয়ে পড়ছেন।

এ বিষয়ে শেখ হাসিনা হলের ভূগোল ও পরিবেশ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহসীনা রহমান প্রথম আলোকে বলেন, ২৩ জুলাই তাঁরা আবাসিক হলে আসনের দাবিতে আন্দোলন করেন। তখন উপাচার্য তাঁদের আশ্বস্ত করেছিলেন যে ২৮ জুলাইয়ের মধ্যে একটা সিদ্ধান্ত জানাবেন। কিন্তু দুই দিন পেরিয়ে গেলেও তাঁদের এখনো কিছু জানানো হয়নি। তাঁরা অবিলম্বে আবাসিক হলে আসন দাবি করেন।

সহ–উপাচার্য মনজুরুল হক বলেন, ২৭ জুলাই নতুন হলে লোকবল নিয়োগের বিষয়ে ইউজিসির সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা ইউজিসির বাকি সদস্যদের সঙ্গে মিটিং করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।