কেরানীগঞ্জের কদমতলী

চার সড়কের সংযোগস্থল পারাপারে ঝুঁকি

ওই এলাকা দিয়ে প্রতিদিন চলাচল করে অসংখ্য যানবাহন। পারাপার হয় শিক্ষার্থী, নারী, শিশুসহ হাজারো পথচারী।

পদচারী–সেতুর অভাবে কেরানীগঞ্জের কদমতলী মোড়ে পথচারীরা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হন প্রতিনিয়ত। সম্প্রতি তোলা ছবি
দীপু মালাকার

ঢাকার কেরানীগঞ্জের প্রাণকেন্দ্র কদমতলী গোলচত্বর ঢাকা জেলার প্রধান দুটি মহাসড়কের সংযোগস্থল। স্থানীয় দুটি সড়কও যুক্ত হয়েছে এখানে। সড়কগুলো দিয়ে প্রতিদিন চলাচল করে ট্রাক, মালবাহী কাভার্ড ভ্যান, পিকআপ ভ্যান, দূরপাল্লার বাস, গণপরিবহনসহ শত শত যানবাহন। এ ছাড়া গোলচত্বর এলাকা দিয়ে প্রতিদিন পারাপার হয় শিক্ষার্থী, নারী, শিশুসহ হাজারো পথচারী। অথচ ওই এলাকায় সড়ক পারাপারে নেই কোনো পদচারী–সেতু, জেব্রা ক্রসিং কিংবা আন্ডারপাস। ফলে প্রায়ই সেখানে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

চলতি বছরের ২২ ফেব্রুয়ারি কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম কমান্ডার ভাস্কর্য এলাকায় দুটি বাসের যাত্রী ওঠানোর প্রতিযোগিতার সময় বাসচাপায় এক পথচারীর মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা তাঁর স্ত্রী অল্পের জন্যে প্রাণে বেঁচে যান। নিহত শহীদ মিয়া (৪৫) কেরানীগঞ্জ গার্মেন্টসপল্লির কাপড় ব্যবসায়ী ছিলেন। তাঁর ভাই বাবু মিয়া বলেন, ‘কদমতলী এলাকায় পদচারী–সেতু বা আন্ডারপাস থাকলে ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যু নাও হতে পারত। হয়তো সে নিরাপদে বাড়ি ফিরে আসতে পারত। তাঁর মৃত্যুতে আমাদের পরিবার অভিভাবকশূন্য হয়ে পড়েছে।’

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে থেকে একটি উড়ালসেতু কেরানীগঞ্জের কদমতলী এলাকা পর্যন্ত সম্প্রসারণ করা হবে। তখন সেখানে পদচারী–সেতুর বিষয়টি বিবেচনা করা হবে।
গোলাম সারোয়ার, সড়ক ও জনপথ ঢাকা বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী

১৯ আগস্ট গোলচত্বর পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে আহত হন আঞ্জুমান বেগম (৩৮) নামের এক গার্মেন্টসকর্মী। তিনি মাথা, হাতের কনুই, কোমড় ও পায়ে আঘাত পান। এ সময় পথচারীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান।

গত বুধবার সরেজমিনে দেখা যায়, কদমতলী গোলচত্বরে মিশেছে ঢাকা-নবাবগঞ্জ মহাসড়ক, ঢাকা-মাওয়া মহাসড়ক সড়ক। এ ছাড়া স্থানীয় পূর্ব বন্দডাকপাড়া ও জিয়ানগর এলাকার সড়কও কদমতলীর সঙ্গে যুক্ত হয়েছে। গোলচত্বরের কয়েক শ গজ দূরত্বের মধ্যে রয়েছে কেরানীগঞ্জ সরকারি মহিলা কলেজ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, লন্ডন স্কুল অব ইংলিশ, মিডৌ স্কলাস্টিক স্কুল, কেয়ার ইন্টারন্যাশনাল মাদ্রাসাসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারখানেক শিক্ষার্থী প্রতিদিন এ সড়ক দিয়ে আসা–যাওয়া করে। এ ছাড়া কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হলে গোলচত্বর এলাকা অতিক্রম করতে হয়। কিন্তু কদমতলী গোলচত্বরটি পারাপার পথচারীদের জন্য ভয়ংকর ও আতঙ্কের হয়ে উঠছে।

কদমতলী এলাকায় একটি বেসরকারি বিমা প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপক পদে চাকরি করেন সাখাওয়াত হোসেন। পরিবার-পরিজন নিয়ে বন্দডাকপাড়া এলাকায় তিনি থাকেন। কাজের তাগিদে প্রতিদিন একাধিকবার গোলচত্বর হয়ে আসা–যাওয়া করতে হয় তাঁকে। সাখাওয়াত বলেন, ‘গোলচত্বর এলাকা পারাপার হতে গিয়ে ভয়ে থাকি। কখন যে বাস বা অটোরিকশা শরীরের ওপর দিয়ে উঠিয়ে দেয়। উপায় না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই পারাপার হতে হয়।’

বন্দডাকপাড়া এলাকার গৃহবধূ রোকেয়া আক্তার। বাচ্চাকে পাশের স্কুল থেকে আনা নেওয়ার জন্যে প্রতিদিন দুবার গোলচত্বর দিয়ে পারাপার হতে হয় তাঁকে। তিনি বলেন, ‘গোলচত্বর এলাকা পারাপারের সময় হঠাৎ করে বাস ও অটোরিকশা শরীরের খুব কাছাকাছি চলে আসে। এ সময় আতঙ্কে কেঁপে উঠি। সবার স্বার্থে এখানে একটি পদচারী সেতু বা আন্ডারপাস খুবই প্রয়োজন।’

ওই গোলচত্বর এলাকায় মানুষের ভোগান্তির বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ও ট্রাফিক দক্ষিণ বিভাগ) আমীনুল ইসলাম বলেন, গোলচত্বর সড়কটি পারাপার হতে মানুষের সমস্যা হচ্ছে। এতে প্রায় সময় পথচারীরা দুর্ঘটনার কবলে পড়েন। এখানে পদচারী–সেতু বা আন্ডারপাস হলে মানুষ উপকৃত হবে।

কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদের ভাষ্য, কেরানীগঞ্জ আগের চেয়ে উন্নত হওয়ায় লোক সমাগম ও যানবাহনের সংখ্যা বেড়েছে। মানুষের স্বার্থে গোলচত্বর এলাকায় একটি পদচারী–সেতু দরকার। কদমতলী চত্বর এলাকায় সমস্যার বিষয়গুলো নজরে আনা হলে সড়ক ও জনপথ ঢাকা বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে থেকে একটি উড়ালসেতু কেরানীগঞ্জের কদমতলী এলাকা পর্যন্ত সম্প্রসারণ করা হবে। তখন সেখানে পদচারী–সেতুর বিষয়টি বিবেচনা করা হবে।