আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন
আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন

বিএনপি নেতা ইশরাকের গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গিয়াস রিমান্ডে

বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার মামলায় চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াছমিন পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা আদালতের পরিদর্শক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, গিয়াস উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর ২৩ মে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গিয়াস উদ্দিনকে আটক করে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ১২ অক্টোবর ফেনী থেকে চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে গাড়িবহর নিয়ে রওনা দেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার নেতা ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। ওই সময় তাঁর সঙ্গে দলের নেতা-কর্মীদের ৫০-৬০টি গাড়ি ছিল। সকালে গাড়িবহরটি মিরসরাই থানা এলাকা অতিক্রম করার সময় স্থানীয় একটি অংশ দেশি-বিদেশি অস্ত্র ও ককটেল দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়। নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়, আহত হন কয়েকজন। ঘটনার সময় বেশ কয়েকটি মুঠোফোন, পকেটে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

হামলার ঘটনায় ২০২২ সালের ২৬ অক্টোবর মামলা করা হয়। এতে উল্লেখ করা হয়, হামলায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।