নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা বৃদ্ধার মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

নরসিংদী রেলওয়ে স্টেশনে হেঁটে রেললাইন পার হওয়ার সময় জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে স্টেশনের পুলিশ ফাঁড়িসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাতটার দিকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয়। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধার পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। গতকাল রাতেই ওই বৃদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ওই বৃদ্ধা হেঁটে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনটির কোনো যাত্রাবিরতি নেই। তাই দ্রুতগতিতে রেলস্টেশন অতিক্রমের সময় ট্রেনটির সঙ্গে ওই বৃদ্ধার ধাক্কা লাগলে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়।

পরে স্টেশনের লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। পরে সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, ওই বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল।

জানতে চাইলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ওই বৃদ্ধার নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। স্বজনদের খোঁজ পাওয়া গেলে ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করা হবে। অন্যথায় বেওয়ারিশ হিসেবে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।