ময়মনসিংহে ভোররাতে ঘুমানোর ১২ ঘণ্টা পর এক কলেজছাত্রকে দরজা ভেঙে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ওই শিক্ষার্থী (১৯) নগরীর বেসরকারি একটি কলেজের উচ্চমাধ্যমিকে পড়ছেন। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা। ওই শিক্ষার্থী নগরীর সানকিপাড়া হেলথ অফিসার গলির ছাত্রদের মেসে থেকে লেখাপড়া করেন।
গতকাল সোমবার বিকেল চারটার দিকে নগরীর সানকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যদের দরজা ভেঙে শিক্ষার্থী উদ্ধারের ভিডিও আজ মঙ্গলবার দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, এক ছাত্র মেসের দরজায় ধাক্কাকে ধাক্কাতে সহপাঠীকে ডাকতে থাকে। কিন্তু তাঁর কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এ সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে বাসার দরজার সামনে ও নিচে ভিড় জমান। স্থানীয় বাসিন্দারা অনেক ডাকাডাকি করেন। কিন্তু কিছুতেই তাঁর সাড়া মিলছিল না। পরে থানায় খবর দিলে পুলিশও ঘটনাস্থলে গিয়ে ডাকাডাকি করে। তবে সাড়া না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই শিক্ষার্থীকে ডেকে তোলেন।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার জুলহাস উদ্দিন বলেন, ওই শিক্ষার্থী ভোররাতে ঘুমিয়ে পড়েন। তাঁর সহপাঠীরা না ঘুমিয়ে বাইরে চলে যান। এমন সময় ওই শিক্ষার্থী ভেতর থেকে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সকালে সহপাঠীরা এসে অনেক ডাকাডাকি করলেও তাঁর সাড়া পাওয়া যাচ্ছিল না। বিষয়টি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে মানুষজন ভিড় জমাতে থাকেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে ১২ ঘণ্টা পর সোহানকে উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. আজহারুল ইসলাম বলেন, ওই ছাত্র সারা রাত না ঘুমিয়ে ভোররাতে ঘুমান। যে কারণে অনেক ডাকাডাকি করলেও তিনি টের পাননি। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়। এখন ওই ছাত্র সুস্থ আছেন।