
কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষের পর বাসটি গভীর খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২১ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিদের লাশ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত ব্যক্তিদের মধ্যে রাফিয়া (১৫) নামের এক ছাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে দৌলতপুরের ফিলিপনগর মন্ডলপাড়ার রুহুল আমিনের মেয়ে। খোকসা হাসপাতালে নিহত দুই পুরুষের নাম–পরিচয় জানা যায়নি।
জেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার দিকে আসছিল। পথে খোকসার শিমুলিয়া এলাকায় পৌঁছালে বালুবোঝাই একটি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। একপর্যায়ে বাসটি বাঁ দিকে সড়কের পাশে পানিভর্তি গভীর খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং আহত ২২ জনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে একজন পথেই মারা যান।
দুর্ঘটনাস্থলে উপস্থিত মাজেদুল নামের এক পথচারী জানান, বালুভর্তি ট্রাকটি খুব দ্রুতগতিতে যাচ্ছিল। ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এ সময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা বাসের আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুল হক প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের লাশ হাসপাতালে আছে। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। কয়েকজনকে রিলিজ দেওয়া হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসটি সড়কের পাশের গভীর খাদে উল্টে যায়। তিনজন নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা চলছে।