সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

মধুপুরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৭

টাঙ্গাইলের মধুপুরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নারী, শিশুসহ ৩ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রক্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে জামালপুরগামী ক্রাউন ডিলাক্স নামক একটি যাত্রীবাহী বাস রক্তিপাড়া ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত ১৮ জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাতজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গতকাল রাতে নিহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক গতকাল রাতে জানান, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।