
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানার সামনে দলীয় কার্যালয়ে বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন—সহকারী উপপরিদর্শক জাহিদ হোসেন, কনস্টেবল পিপলু মিয়া ও সেলিম রেজা।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের কার্যালয়ে মহারাজপুর ইউনিয়নের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক চলছিল। একপর্যায়ে তাঁদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। ধাওয়া-পাল্টাধাওয়ার এক পর্যায়ে এক পক্ষ থানার ভেতরে ঢুকে পড়ে। সেখানেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। সংঘর্ষ থামাতে গেলে তিন পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়াই করেন গণ অধিকার পরিষদ ছেড়ে আসা রাশেদ খান। নির্বাচনে ভোটের ফলাফলে তিনি তৃতীয় হন। এই আসনে জয় পান জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তালিব।
সংঘর্ষের বিষয়ে রাশেদ খান বলেন, সকালে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা তাঁর সঙ্গে দেখা করতে আসেন। কথা বলার এক পর্যায়ে তাঁদের মধ্যে হঠাৎ করে বিরোধের সৃষ্টি হয়। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তিনি নিশ্চিত নন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন বলেন, দলীয় কার্যালয়ে বৈঠক চলাকালে দুই পক্ষ মারামারি শুরু করে রাস্তায় নেমে আসে এবং পরে থানার ভেতরে প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে তিন পুলিশ সদস্য আহত হন।