
যশোর মেডিকেল কলেজের ছাত্র হোস্টেলের ২০২ নম্বর কক্ষ। সেখানে একটি বিছানা। বসার জন্য আছে সোফা। একই হোস্টেলের ৩১১ নম্বর কক্ষে ৯টি চৌকি। পড়ার টেবিল বসানোর জায়গা নেই। চৌকির ওপর দিয়ে রশি টানিয়ে রাখা হয়েছে জামাকাপড়।
৩১১ নম্বর কক্ষে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। আর ২০২ নম্বর কক্ষে বসবাস করেন যশোর মেডিকেল কলেজ শাখার সভাপতি শাহজাহাদ জাহান ওরফে দিহান। যদিও তাঁর ছাত্রত্ব শেষ হয়েছে আগেই; তারপরও তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে হোস্টেলে একাই একটি কক্ষ দখল করে থাকছেন। সাধারণ শিক্ষার্থীরা থাকছেন গাদাগাদি করে।
শুধু শাহজাহাদ জাহানই নন; কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) কলেজ শাখার সভাপতি শাহদাৎ হোসেন এবং ইচিপের সাধারণ সম্পাদক সাইদুর রহমানও একটি করে কক্ষ দখল করে থাকছেন। তাঁদেরও মেডিকেল কলেজে ছাত্রত্ব নেই। কলেজের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ইন্টার্ন চিকিৎসকেরা হোস্টেলে আসন নিয়ে থাকতে পারবেন না।
গত ২৭ ফেব্রুয়ারি যশোর মেডিকেল কলেজের ছাত্র হোস্টেলে গিয়ে দেখা গেছে, তিনতলাবিশিষ্ট হোস্টেলের ৩১১ নম্বর কক্ষে পাশাপাশি ৯টি চৌকি বসানো। পড়ার টেবিল বসানোর জায়গা নেই। খাটের ওপর দিয়ে রশি টানিয়ে শিক্ষার্থীদের ব্যবহৃত পোশাক–পরিচ্ছদ রাখা হয়েছে। এলোমেলোভাবে ঝুলছে প্যান্ট-শার্ট। লেখাপড়ারও কোনো পরিবেশ নেই।
নাম প্রকাশ না করার শর্তে এই কক্ষের কয়েকজন বাসিন্দা বলেন, প্রথম বর্ষে এ কক্ষে উঠেছেন। এখন তৃতীয় বর্ষে পড়ছেন। কিন্তু হোস্টেলের কক্ষে পড়ালেখা করার মতো ভালো পরিবেশ পাননি। গাদাগাদি করে ছোট একটি কক্ষে নয়জনকে থাকতে হচ্ছে। পড়ার টেবিল রাখার জায়গা নেই। অথচ মেডিকেলে লেখাপড়ার জন্য অনেক চাপ থাকে।
হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্বিতীয় তলার খেলাধুলার কক্ষটিকে গণরুম বানিয়ে ২০ জন শিক্ষার্থীকে কোনোরকমে মাথা গুঁজতে হয়েছে। এমন অসম কক্ষবণ্টনে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হলেও ছাত্রলীগের নেতা-কর্মীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেন না। কলেজ প্রশাসনও ছাত্রলীগের কাছে অসহায়ের মতো।
দুপুর পৌনে ১২টার দিকে দ্বিতীয় তলার ২০২ নম্বর কক্ষের দরজায় টোকা দিলে কলেজ ছাত্রলীগের সভাপতি শাহজাহাদ জাহান দরজা খুলে দেন। দেখা গেল, কক্ষে একটিমাত্র বিছানা পাতা রয়েছে। বসার জন্য সোফা রাখা আছে। সোফার ওপরের দিকে সরকারি দপ্তরের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাঁধানো ছবি পাশাপাশি টাঙিয়ে রাখা।
খোঁজ নিয়ে জানা গেছে, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন ২০৪ নম্বর কক্ষে এবং ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ২০১ নম্বর কক্ষে থাকেন। ওই দুই কক্ষে তালা ঝুলতে দেখা গেছে।
একাই একটি কক্ষ দখল করে থাকার বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা শাহজাহাদ জাহান বলেন, ‘আমার তো লেখাপড়া শেষ। খুব দ্রুতই চলে যাব। তা ছাড়া আমরা পাঁচ বছর কষ্ট করেছি। এখন শেষ দিকে একটু সুবিধা তো ভোগ করবই। যাঁরা গাদাগাদি করে থাকেন, তাঁরা জুনিয়র শিক্ষার্থী। প্রথম, দ্বিতীয় বর্ষে পড়েন। আমরাও ওইভাবে থেকে এসেছি।’ কলেজ প্রশাসনই কক্ষ বরাদ্দ দিয়েছে দাবি করে তিনি আরও বলেন, ‘শুধু আমি একা নই, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক সাইদুর রহমানও একটি করে কক্ষ নিয়ে থাকেন। এভাবেই তো চলে আসছে।’
কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেনের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া গেছে।
কলেজ সূত্রে জানা গেছে, বর্তমানে ৫টি ব্যাচে ৩৩৭ জন শিক্ষার্থী লেখাপড়া করছেন। এর মধ্যে ছাত্র ১৫০ ও ছাত্রী ১৮৭ জন। আবাসনসংকট নিরসনে ক্যাম্পাসে ছয়তলা ভিত্তির ওপর দুটি হোস্টেলের নির্মাণকাজ শুরু হয়। প্রথম পর্যায়ে ছাত্রদের হোস্টেল তিনতলা ও ছাত্রীদের হোস্টেল দুইতলা পর্যন্ত নির্মাণকাজ শেষে শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করা হয়। ছাত্রদের হোস্টেলে ১২০টি আসনের বিপরীতে ১৫০ জন ও ছাত্রী হোস্টেলে ৮০ আসনের বিপরীতে ১০০ জনকে রাখা হচ্ছে। ক্যাম্পাসের বাইরে ছাত্রীদের আবাসনের জন্য দুটি ভবন ভাড়া করে রাখা হচ্ছে। বাইরে থেকে প্রতিদিন ক্যাম্পাসে গিয়ে ক্লাস করতে ছাত্রীদের নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
আবাসনসংকট নিরসনের বিষয়ে ছাত্রলীগের অবস্থান নিয়ে জানতে চাইলে শাহজাহাদ জাহান বলেন, ‘ক্যাম্পাসে শিক্ষার্থীদের তীব্র আবাসনসংকট রয়েছে। বিষয়টি নিয়ে আমরা কলেজ কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতাদের জানিয়েছি।’
যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ মহিদুর রহমান বলেন, ‘ছাত্র হোস্টেলের প্রতিটি কক্ষে চারটি করে আসন রয়েছে। চারজনকে বরাদ্দ দেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতারা জোর করে একাই এক কক্ষে থাকে। বলতে গেলেই তারা বলে, “আমরা ডাক্তার হলেও ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক।” এমনভাবে তারা চোখ রাঙা করে আমাদের দিকে তাকায়, আমরাও ভয় পেয়ে যাই।’