সেনবাগে বিএনপি কার্যালয়ে হামলা ও নেতার ইটভাটার অফিসকক্ষে আগুন

সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করা চেয়ার। মঙ্গলবার দুপুরে
ছবি: প্রথম আলো

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও বিএনপির এক নেতার ইটভাটার অফিসকক্ষে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ-সংলগ্ন বিএনপির কার্যালয়ে হামলা ও সোমবার রাত দিবাগত ১টার দিকে বিএনপির নেতা কাজী মফিজুর রহমানের ইটভাটার অফিসকক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ডমুরুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত হোসেন।

এর আগে সোমবার বিএনপির একাংশের নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, হামলা ও সংঘর্ষের পর গাজীরহাট মোড়ের ডমুরুয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করা হয়।

আওয়ামী লীগের নেতা শওকত হোসেন দাবি করেন, সোমবার বিএনপির নেতা কাজী মফিজুরের অনুসারীরা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেছিলেন। ওই ঘটনাকে ভিন্ন খাতে নিতে মঙ্গলবারের ঘটনা সাজানো হয়েছে। ইটভাটার অফিসকক্ষে আগুন বা বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় আওয়ামী লীগের কেউ জড়িত নন।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সোমবার রাত আনুমানিক একটার দিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ বিএনপির একাংশের নেতা কাজী মফিজুর রহমানের ডমুরুয়ার গাজীরহাট মোড়-সংলগ্ন কে বি এম ইটভাটার অফিসকক্ষে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়।

আগুনে পুড়ে যাওয়া বিএনপিনেতা কাজী মফিজুর রহমানের ইটভাটার অফিসকক্ষ

এ সময় আশপাশের মানুষ প্রথম আগুন নেভানোর চেষ্টা করে। পরে সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নেভান। আগুনে কক্ষটির ভেতরের মালামাল পুড়ে গেছে।

এ ছাড়া আজ বেলা ১১টার দিকে সেনবাগ উপজেলা পরিষদ-সংলগ্ন সেনবাগ-সোনাইমুড়ী সড়কের পাশে উপজেলা বিএনপির একাংশের কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়।

ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. সোলেমান প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, ওই ঘরে কেউ আগুন লাগিয়ে দিয়েছেন।

উপজেলা বিএনপির সদস্যসচিব মোক্তার হোসেন ওরফে ইকবাল মাস্টার অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির নেতার ইটভাটার অফিসকক্ষে অগ্নিসংযোগ এবং উপজেলা সদরে বিএনপির একটি কার্যালয় ভাঙচুর করেছেন। তাঁরা এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী প্রথম আলোকে বলেন, দুটি ঘটনাই শুনেছেন। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বিএনপির পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।