বিএনপির নেতাকে সহায়তা

মঠবাড়িয়ায় সাত দিন পর ব্যবসাপ্রতিষ্ঠানের তালা খুললেন ভুক্তভোগী

মঠবাড়িয়া উপজেলা পরিষদ এলাকায় সাইদুর রহমানের গাড়ির গ্যারেজ। আজ মঙ্গলবার দুপুরে তোলা।
ছবি: প্রথম আলো

পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলা পরিষদ এলাকায় গাড়িচালক সাইদুর রহমান অবশেষে তাঁর গ্যারেজ ও গাড়ির যন্ত্রাংশের দোকানের তালা খুলতে পেরেছেন। বরগুনা-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম হামলায় আহত হওয়ার পর তাঁকে সহায়তা করায় আওয়ামী লীগের নেতা–কর্মীরা এক সপ্তাহ আগে ওই ব্যবসাপ্রতিষ্ঠানে তালা মেরে দেন।

সাইদুর রহমানের মোটরসাইকেলে নুরুল ইসলাম বসে আছেন—এমন একটি ছবি ৬ সেপ্টেম্বর সকালে ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে ওই দিন দুপুরের দিকে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী-সমর্থকেরা সাইদুর রহমানের গাড়ির যন্ত্রাংশের দোকান ও গ্যারেজে তালা দিয়ে দেন। এ বিষয়ে ৮ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘বিএনপি নেতাকে সাহায্য করায় গ্যারেজে তালা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।

সাইদুর রহমান আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ওই ঘটনার সাত দিন পর গতকাল সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফজলুল হক তাঁকে ডেকে নিয়ে বন্ধ ব্যবসাপ্রতিষ্ঠানের তালার চাবি দিয়ে দেন এবং দোকান খুলতে বলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর বিকেলে নুরুল ইসলাম ঢাকা থেকে সড়কপথে পাথরঘাটা যাচ্ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের সিএনবি সেতু পার হয়ে তিনি পাথরঘাটায় ঢুকলে আওয়ামী লীগের নেতা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যানের নেতৃত্বে তাঁর ওপর হামলা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশত লোক আহত হন। নুরুল ইসলাম মঠবাড়িয়ার সিএনবি এলাকায় অবস্থান করেন। পরে সাইদুর রহমান মোটরসাইকেলে তাঁকে মঠবাড়িয়ার গুলিসাখালীতে নিয়ে যান। সেখানে নুরুল ইসলামকে তাঁর গাড়িতে তুলে দেওয়া হয়।

সাইদুর রহমান মঠবাড়িয়া পৌরসভার গাড়িচালক। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। সাইদুর রহমান বলেন, ‘ঘটনার সময় আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম। এ সময় নুরুল ইসলামের ভাই জামাল আমাকে ডেকে তাঁর ভাইকে গুলিসাখালীতে রাখা গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে বলেন। এ সময় সাংবাদিকদের তোলা ছবি পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা আমার দোকান ও গ্যারেজে তালা মেরে দেন। সাত দিন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমার অনেক আর্থিক ক্ষতি হয়েছে।’

উপজেলা যুবলীগের সহসভাপতি বাবু শরীফ বলেন, সাইদুর রহমানের ওপর নানা কারণে আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতা-কর্মী ক্ষুব্ধ ছিলেন। পাশাপাশি বিএনপির নেতা নুরুল ইসলামকে মোটরসাইকেলে তুলে নিরাপদে পৌঁছে দেওয়ার কারণে একটি পক্ষ সাইদুরের দোকান ও গ্যারেজে তালা ঝুলিয়ে দেয়।