ফরিদপুরে ছাত্রলীগের বিক্ষোভ ও মানববন্ধন, প্রান্ত হত্যায় মদদদাতাদের নাম প্রকাশের দাবি

ফরিদপুরে প্রান্ত মিত্র হত্যার বিচারের দাবিতে জেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। রোববার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে
ছবি: প্রথম আলো

ফরিদপুরে জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী বলেন, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী প্রান্ত মিত্র হত্যার সঠিক তদন্ত করে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এ হত্যাকাণ্ডের পেছনে যাঁদের মদদ রয়েছে, সেসব ব্যক্তির নাম প্রকাশ করতে হবে। তা না হলে ৬৪ জেলার ছাত্রলীগ রাজপথে মানববন্ধনে নামবে।

আজ রোববার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে প্রান্ত মিত্র হত্যার বিচারের দাবিতে জেলা ছাত্রলীগ বিক্ষোভ ও মানববন্ধন করে। এতে ছাত্রলীগ জেলা শাখা, শহর শাখা ও সদর থানা শাখা এবং সরকারি ইয়াছিন কলেজের ছাত্রলীগের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে তামজিদুল রশিদ এসব দাবি জানান।

প্রান্ত মিত্র

জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, ‘আমরা আমাদের ছাত্রলীগের কোনো কর্মীর কাছে বলতে পারছি না যে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পেরেছে। ছাত্রলীগের প্রত্যেক কর্মীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ছাত্রলীগের প্রত্যেক কর্মীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

তামজিদুল আরও বলেন, এর আগে ছাত্রলীগ নেতা সৌরভ মালোর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। বিরূপ পরিস্থিতির জন্য সে সময় তাঁরা প্রতিবাদটুকুও করতে পারেননি। অতীতে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন। এবার ছাত্রলীগ কর্মী প্রান্তকে হত্যা করা হলো।

মানববন্ধনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ বলেন, ‘বারবারই কেন ছাত্রলীগ সন্ত্রাসী হামলার শিকার হয়? পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি, আমার ছাত্রলীগের প্রত্যেকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন। প্রান্ত হত্যার পেছনে কে বা কারা জড়িত, তাঁদের খুঁজে বের করে অবিলম্বে শাস্তির আওতায় আনুন।’

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সহসভাপতি চৌধুরী শফিউল আশরাফুল, সাংগঠনিক সম্পাদক আফিফ বিন অর্ক, দপ্তর সম্পাদক শাশ্বত চক্রবর্তী প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজ চত্বর থেকে জেলা ছাত্রলীগ একটি মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি ফরিদ শাহ্ সড়ক, ব্রাহ্ম সমাজ সড়ক, মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২৪ জুলাই রাত ২টার দিকে বন্ধু হৃদয় খানের ফোন পেয়ে শহরের ওয়্যারলেস পাড়ার বাড়ি থেকে রিকশা করে ফরিদপুর ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে যাচ্ছিলেন প্রান্ত। বোনের অস্ত্রোপচারের জন্য রক্ত লাগবে বলে প্রান্তকে খবর দেন হৃদয়। হাসপাতালে যাওয়ার পথে শহরের আলীপুর সেতুর উত্তর পাশে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন প্রান্ত মিত্র। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। এ ব্যাপার ২৬ জুলাই রাতে প্রান্তর বাবা বিকাশ চন্দ্র মিত্র বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ইতিমধ্যে প্রান্তকে বহনকারী রিকশাটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। শিগগিরই এ হত্যার মূল রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।