
নিজ নিজ অঙ্গনে অবদান রাখার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় দেশের ৯ গুণীজনকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক–২০২৩ প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ‘গুণীজন সংবর্ধনা পরিষদ’ আয়োজিত অনুষ্ঠানে তাঁদের এ সম্মাননা প্রদান করা হয়।
নয়টি ক্যাটাগরিতে সম্মাননা পাওয়া গুণীজনেরা হলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ (চিকিৎসা), নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আতিকুল ইসলাম (শিক্ষা), কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক (সাহিত্য), স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস (প্রশাসন), পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিটের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মনিরুজ্জামান (আইনশৃঙ্খলা), এখন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ (সাংবাদিকতা), শিল্পী ও সংগীত পরিচালক শুভ্র দেব (সংগীত), জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক ফেরদৌস আহমেদ (সংস্কৃতি, পুরুষ) ও অভিনেত্রী তারিন জাহান (সংস্কৃতি, নারী)।
আয়োজকেরা জানিয়েছেন, ব্যক্তিগত কারণে কথাসাহিত্যিক আনিসুল হক অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তবে তিনি আয়োজকদের একটি ভিডিওর মাধ্যমে শুভেচ্ছাবার্তা পাঠান, যা ডিজিটাল পর্দায় দেখানো হয়। তাঁর পক্ষে পদক গ্রহণ করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন।
অনুষ্ঠানে ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়ার ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড সার্বিক সহযোগিতা করে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি আবু সাঈদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গুণীজন সংবর্ধনা পরিষদের উপদেষ্টা চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী। আরও বক্তব্য দেন গুণীজন সংবর্ধনা পরিষদের সভাপতি এম আবদুল বাছেদ, সাধারণ সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য, ফ্যাক্টর থ্রি সল্যুশনের সিইও সাহেদ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। পরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষে ক্লোজআপ ওয়ান তারকা কিশোর সংগীত পরিবেশন করেন। এ ছাড়া সম্মাননাপ্রাপ্ত নয়জনের জীবন ও কর্মের ওপর নয়টি পৃথক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।