
ছোট্ট চালাঘর। খড়ের ছাউনি। এক পাশে খানিকটা খড় সরে গেছে। সেই ফাঁক গলিয়ে রোদ ঢুকেছে। মুহূর্তেই মনে হলো, এ যেন রোদ নয়; ‘ধবলদুধের মতো, জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ-পূর্ণিমার।’ তারই মায়ায় পড়ে সবাইকে জেগে ওঠার ডাক দিয়ে নিজে ধরলার তীরে মাথা রেখে চিরনিদ্রায় শুয়ে আছেন। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক সেটাই সম্ভব করেছেন। ১৬ সেপ্টেম্বর কুড়িগ্রামে তাঁর সমাধির পাশে দাঁড়ালে মাথার ভেতরে ‘পাহাড়ি ঢলের মতো’ ভেসে আসে তাঁর ডাক—‘জাগো বাহে, কোনঠে সবায়?’
কুড়িগ্রাম সরকারি কলেজের প্রবেশপথের দক্ষিণে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে সৈয়দ শামসুল হকের সমাধি। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। এর আগে তিনি ওই কলেজে বেড়াতে গিয়েছিলেন। শেষ ঘুমের ঠিকানা হিসেবে তখনই মনে মনে জায়গাটি পছন্দ করেন কবি। এরপর কুড়িগ্রাম জেলা উন্নয়ন কমিটি মারফত কলেজ কর্তৃপক্ষ জানতে পারে যে তিনি কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে সমাহিত হওয়ার ইচ্ছা পোষণ করেছেন।
এটি জানার পরে কলেজ কর্তৃপক্ষ ২০১৬ সালের ৭ মার্চ লেখককে একটি চিঠি দেয়। এতে কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন বলেন, ‘কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে সমাহিত হওয়ার ক্ষেত্রে আপনার সম্মতি যে আছে, জানা আবশ্যক। বিষয়টি খুবই স্পর্শকাতর হলেও বাস্তবতা ও নিয়মনীতির কারণে আপনার একটি সম্মতিপত্র আমাদের আবশ্যক। আশা করি, আপনি বিষয়টি ভিন্নভাবে নেবেন না।’ সেই চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘আপনার নানামুখী সৃষ্টিশীল সাহিত্যকর্ম আমাদের গর্বিত ও অভিভূত করে। আমরা জেনে খুশি হয়েছি, আপনি যে মাটিতে জন্ম নিয়েছেন, সেখানেই সমাহিত হতে ইচ্ছে পোষণ করেছেন। আপনার সিদ্ধান্ত রাজধানীকেন্দ্রিক সাহিত্যজনদের আহত করলেও আমাদের মহীয়ান করেছে।’
সেই চিঠির জবাবে কবি স্বহস্তে লিখেছেন, ‘আমার ইচ্ছাকে সম্মান জানিয়ে আপনারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এতে আমি আনন্দিত এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমার জন্মস্থান আমার শেষ ঘর হবে, এইটে আমার বহুদিনের ইচ্ছা এবং আমার পরিবার পরিজন সেভাবেই প্রস্তুত। তাঁরাও আপনাদের সিদ্ধান্তে আনন্দিত ও কৃতজ্ঞ। আমার সশ্রদ্ধ সালাম রইলো।’ কবির নামের নিচে তারিখটি লেখা ১১ মার্চ ২০১৬।
১৬ সেপ্টেম্বর কুড়িগ্রামের শিখো-প্রথম আলো আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে পাওয়া গেল অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিনকে। প্রসঙ্গ উঠতেই তিনি বললেন, সেই চিঠি তিনি যত্নে রেখে দিয়েছেন। সেই অনুষ্ঠানে নাগেশ্বরী সরকারি কলেজের শিক্ষক রেজাউল করিম দরাজ গলায় ‘নূরলদীনের সারাজীবন’ থেকে পড়ে শোনালেন, ‘আসুন, আসুন তবে, আজ এই প্রশস্ত প্রান্তরে; যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে? কে থাকে ভেতরে? কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে?’
কবির সমাধিকে ঘিরে একটি কমপ্লেক্স করা হবে। এই প্রত্যাশায় কলেজ কর্তৃপক্ষ এক একর জমি দান করেছে। সেই কমপ্লেক্স এখনো হয়নি। সেখানে গিয়ে দেখা গেল, সমাধিক্ষেত্রের বাকি জমিতে ধান চাষ করা হয়েছে। দেখলে মনে হচ্ছে, একটি ধানখেতের ভেতরে খড়ের ছাউনির ছোট্ট ঘর। কবির সমাধিলিপিতে কবির একটি কবিতা থেকে উদ্ধৃত করে জন্মভূমির উদ্দেশে লেখা আছে, ‘হে মাতঃ বাংলার মাটি করজোড়ে করে সম্ভাষণ/ তোমার সন্তান কবি, পদচ্ছাপ রেখো মা শিলায়, যদি রাখো, কী আছে জীবন যদি মাটিতে মিলায়। আমিও তোমার স্তনে দুগ্ধ টেনে উঠেছি একদা, লোকে ভোলে ভুলে যাক, তুমি যেন ভুলো না সে কথা।’
আসলে কি কেউ সৈয়দ শামসুল হককে ভুলেছে? রিকশায় ফেরার সময় ওই কলেজের শিক্ষার্থী তুলসীচন্দ্র রবিদাস ছিলেন সঙ্গে। তিনি বললেন, ‘যেখানেই যাই, এমনকি পরীক্ষার ভাইভা দিতে গেলেও কুড়িগ্রামের কথা শুনলেই লোকে ওই একজনের কথাই বলেন।’