টাঙ্গাইলের ভূঞাপুরে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের দুই ডোজ টিকা দেওয়া হয়েছে এক শিশুকে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম এই টিকা দেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
শিশুটির পরিবার জানায়, এক মাস বয়সী ফাতিহাকে নিয়মিত টিকা দিতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মা মৌ। সেখানে টিকা দেওয়ার কথা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলামের। কিন্তু তিনি উপস্থিত না থাকায় পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুমকে ডেকে আনেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান আজাদ। এ সময় কাইয়ুম শিশুটিকে দুই ডোজ কুকুরের র্যাবিস ভ্যাকসিন প্রয়োগ করেন।
এ বিষয়ে স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম বলেন, ভুলবশত এমনটি হয়েছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান আজাদ বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ভুল। আরও সতর্ক হওয়া দরকার ছিল। তবে এ টিকা কোনো সমস্যা হবে না।
আজ বৃহস্পতিবার দুপুরে শিশুর ফাতিহার বাবা ফারুক আহমেদ জানান, ফাতিহা তাদের ছাব্বিশা গ্রামের বড়িতে আছে। কোনো সমস্যা হয়নি। সুস্থ আছে।