
সব মন্ত্রণালয়ে অসংগতি, বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতের হযবরল অবস্থা দেশ ও মানুষের জন্য খারাপ। দিন দিন এ দুই খাতের উন্নতি নয়; বরং অবনতি হচ্ছে। প্রতিদিন এটা বৃদ্ধি পাচ্ছে। অথচ সত্যিকার অর্থে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করার জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ভালোভাবে চালানো উচিত।
আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লালমনিরহাট-৩ (সদর) আসনের এমপি ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘শিক্ষা খাতের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আজকের নয়। এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাঠ্যপুস্তকে বিভিন্ন ধরনের পাঠ্যসূচি দেওয়া হচ্ছে, যেটা নিয়ে সাধারণ মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্নের সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ এগুলোতে সন্তুষ্ট নয়। আমরা চাই, সরকার পাঠ্যপুস্তকে এমন কিছু দেবে না, যা পরে পরিবর্তন করতে হয়। এটা সংশ্লিষ্টদের ব্যবস্থাপনার ব্যর্থতা। সব ক্ষেত্রেই ব্যর্থতা রয়েছে। তবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যর্থতা প্রকট হয়েছে। এর সুরাহা দেশ ও মানুষের জন্য অতীব জরুরি।’
নিত্যপণ্যের মূল্যের ঘন ঘন বৃদ্ধি নিয়েও কথা বলেছেন জি এম কাদের। তিনি বলেন, এর পেছনে রয়েছে অনেকগুলো কারণ। এটা বর্তমান অবস্থায় সারা বিশ্বের সমস্যা, তবে দেশের মুদ্রার অবমূল্যায়ন হয়েছে, বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতি, জিনিসপত্রের অপ্রতুল সরবরাহ ও মজুতদারির জন্য দ্রব্যমূল্য বাড়ে। এসব বিষয়ে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। বিদ্যুতের দাম বাড়ার কারণে সবকিছুর ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। দেশীয় শিল্পকারখানায় উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, এতে দ্রব্যমূল্য বাড়ছে, বাজার অস্থিতিশীল হচ্ছে, মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে, আবার পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে শিল্পকারখানায় কর্মী ছাঁটাই হচ্ছে, বেকারত্ব সমস্যা হচ্ছে, জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে, যা সার্বিক অর্থনৈতিক অবস্থার জন্য খারাপ হচ্ছে।
আজ দুপুরে সড়কপথে রংপুর থেকে লালমনিরহাটে তিন দিনের সফরে এসেছেন জি এম কাদের। এ সময় তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
জেলা সার্কিট হাউসে জি এম কাদেরের সঙ্গে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্যসচিব জাহিদ হাসান, লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের সহকারী একান্ত সচিব আবু তৈয়ব প্রমুখ।