সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্স
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্স

সিলেটে মোটরসাইকেলে এসে অ্যাম্বুলেন্সে আগুন দিল দুর্বৃত্তরা

সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে গতকাল শনিবার রাতের দুটি ঘটনায় কেউ হতাহত হননি।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, হাসপাতালের ক্লোজড সার্কিট ক্যামেরায় দেখা গেছে, শনিবার রাতে দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। তারা মোটরসাইকেল রাস্তায় রেখে হাসপাতালের ভেতরে ঢুকে। পরে হাসপাতালের পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্সে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের মাথায় হেলমেট ও গায়ে হুডি পরা ছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা সদস্য জুনাইদ জানান, শামসুদ্দিন আহমদ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গতকাল রাত ৩টা ১৫ মিনিটে তাঁরা ঘটনাস্থলে যান। পরে আগুন নিয়ন্ত্রণ করে রাত ৩টা ৪৮ মিনিটে ফিরে আসেন। অন্যদিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গতকাল রাত ৩টা ৫০ মিনিটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে আজ রোববার ভোর ৪টা ৫০ মিনিটে ফিরে আসেন।

আজ সকালে সিলেট মহানগর পুলিশের কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।