সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

কক্সবাজারে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে পর্যটকসহ নিহত ২

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ইজিবাইক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক পর্যটকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও তিনজন।

আজ রোববার বেলা আড়াইটায় মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এ ঘটনা ঘটে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. ছমি উদ্দিন।

নিহত ব্যক্তিরা হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা গ্রামের লাতাইঅং চাকমার ছেলে বারিক্কা চাকমা (৪০) ও ঢাকার ডেমরা থানার ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসিন্দা মাজহারুল ইসলামের ছেলে মো. জিহাদ (২১)। এর মধ্যে বারিক্কা ছিলেন ইজিবাইকে, জিহাদ ছিলেন মোটরসাইকেলে।

ঘটনায় আহত হয়েছেন নিহত জিহাদের স্ত্রী তাসলিম আক্তার মরিয়ম (১৮)। তবে আহত অপর দুজনের নাম ও পরিচয় জানতে না পারলেও তাঁরা ইজিবাইকের যাত্রী বলে জানান পুলিশ পরিদর্শক মো. ছমি উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, দুপুরে মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার জাহাজপুরা এলাকায় কক্সবাজারমুখী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে বারিক্কা মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান জিহাদ।

নিহত জিহাদের খালাতো ভাই আবু ইউছুফ প্রথম আলোকে বলেন, দুই মাস আগে মো. জিহাদ ও তাসিম আক্তারের বিয়ে হয়। ১৬ মে তাঁরা পরিবারের অন্যদের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসেন। শনিবার সবাই একসঙ্গে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু নবদম্পতি আরও এক দিন থাকার আগ্রহ দেখান। এ জন্য আজ রোববার রাতেই সবাই একসঙ্গে ফেরার সিদ্ধান্ত হয়।

আবু ইউছুফ আরও বলেন, আজ সকালে জিহাদ ও তাঁর স্ত্রী মিলে ‘রেন্ট এ বাইক’–যোগে মেরিন ড্রাইভ সড়কে ঘুরতে টেকনাফের উদ্দেশে রওনা দেন। দুপুরে কক্সবাজার ফেরার পথে দুর্ঘটনায় পড়েন।