বিএনপির মহাসমাবেশ

গ্রেপ্তার আতঙ্কে বাড়িতে থাকতে ভয় নেতা-কর্মীদের, পথে তল্লাশি

সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকাগামী লেনে যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার রাতে
ছবি: প্রথম আলো

ঢাকার সাভার ও ধামরাই উপজেলা বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। গ্রেপ্তার আতঙ্কে নেতা-কর্মীদের বেশির ভাগই নিজ বাসা ছেড়ে অন্যত্র অবস্থান নিয়েছেন। এদিকে আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে বিভিন্ন পরিবহনে তল্লাশি করছে পুলিশ। ইতিমধ্যে সাভার থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির নেতা-কর্মীদের দাবি, দুই উপজেলার অধিকাংশ নেতা-কর্মী মহাসমাবেশে যোগ দিতে ইতিমধ্যে ঢাকায় চলে গেছেন। তবে যেসব নেতা-কর্মী এখনো যাননি, পুলিশের হয়রানির ভয়ে তাঁরা নিজ বাসা ছেড়ে অন্য জায়গায় থাকছেন। তবে পুলিশ বলছে, কোনো ধরনের হয়রানি নয়, শুধু যাঁদের বিরুদ্ধে মামলা আছে, তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মহাসড়কে তল্লাশির বিষয়টি তাদের নিয়মিত কাজেরই অংশ।

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী প্রথম আলোকে বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা আছে, অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে কাউকে হয়রানির অভিযোগ সত্য নয়। বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তারের বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের দুজনের বিরুদ্ধে আগে দুটি মামলা আছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে সাভারের আমিনবাজার এলাকায় ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে সন্দেহ হলে গাড়িতে তল্লাশি করছে পুলিশ। হাইয়েস গাড়িতে তল্লাশির সময় জোর দিতে দেখা গেছে।

ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেশির ভাগ নেতা-কর্মী ইতিমধ্যে ঢাকায় চলে গেছেন। পুলিশ অনেকের বাড়িতে গিয়ে ভয় দেখাচ্ছে।

বিএনপির কর্মসূচি থাকলে মহাসড়কে তল্লাশিচৌকি বসিয়ে নেতা-কর্মীদের কর্মসূচিতে যেতে বাধা ও আটক করা হয় বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘নেতা-কর্মীরা এখন আর নিজের বাড়িতে থাকতে পারছেন না। আমার নিজের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে তল্লাশি করেছেন। আমরা সবাই বাড়িছাড়া। এটা তো কাম্য নয়। পথে পথে তল্লাশি চালিয়ে নেতা-কর্মীদের আটক করা হচ্ছে।’

সুষ্ঠু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে সমাবেশসহ অন্যান্য দলীয় শান্তিপূর্ণ কর্মসূচিতে নেতা-কর্মীদের অংশগ্রহণের সুযোগ সরকারকে নিশ্চিত করার দাবি জানিয়েছেন নেতারা। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনের অনুরোধ তাঁদের।

ঢাকা-১৯ (সাভার ও আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহপরিবার কল্যাণবিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, নেতা-কর্মীদের কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে। আবার তারাই সমাবেশে আসতে গেলে নেতা-কর্মীদের আটক করছে। এমন আচরণ কাম্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

এদিকে আগামীকাল শুক্রবার সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী বলেন, যেকোনো দলের কর্মসূচিকে ঘিরে যেন কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে, সে জন্য তল্লাশি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় আগামীকাল ঢাকা-আরিচা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশিচৌকি বসানো হবে।