
সিলেট নগরের নবগঠিত ৩৯ নম্বর ওয়ার্ডের পীরপুর, শেখপাড়া ও গরীপুর এলাকা সুরমা নদীর ভাঙনে হুমকির মুখে আছে। এর মধ্যে শতাধিক বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে গ্রামগুলো অস্তিত্বহীন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা শাখা। মানববন্ধনে নদীভাঙনের কবল থেকে এলাকাগুলোকে রক্ষা এবং ভাঙনের শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানানো হয়।
বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে এবং সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় বক্তব্য দেন বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী, ক্ষতিগ্রস্ত এলাকাবাসী হাজি মোক্তার আহমদ, আবু তালেব, কামরুজ্জামান প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা বেলাল আহমদ, মামুন ব্যাপারী, জাহেদ আহমদ, সালিক আহমদ, সংগ্রাম পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক মনজুর আহমদ, টুকের বাজার এলাকার বাসদ সংগঠক নুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে সুরমা নদীর পাড়ের পীরপুর, শেখপাড়া ও গরীপুর এলাকা ভাঙনের কবলে আছে। এতে কয়েক হাজার মানুষ ক্ষতির মুখোমুখি হয়েছে। বিভিন্ন সময় এ ভাঙন রোধে এলাকাবাসী দাবি জানালেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শুষ্ক মৌসুমের শুরুতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া উচিত।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চলতি বছর ইতিহাসের প্রলয়ংকরী বন্যায় সিলেট অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা প্রাকৃতিক হলেও দুর্ভোগের জন্য মানুষের তৈরি অনেক কারণ রয়েছে। গত ৫০ বছরে দূষণ, ভূমিদস্যুদের আগ্রাসন, অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ণ, আবাসন এবং সেতু, কালভার্ট ও স্লুইসগেট নির্মাণের কারণে দেশের হাজারো নদ-নদী বিলীন হয়ে গেছে।
বন্যা, নদী ভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সিলেট অঞ্চলের নদীগুলো ঠিকমতো খননের পাশাপাশি অপরিকল্পিত নগরায়ণ, উন্নয়ন বন্ধ; নদী, খাল, জলাশয় দখল-ভরাটসহ প্রকৃতিবিনাশী সব কাজের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে মানববন্ধন থেকে আহ্বান জানানো হয়।