
সিলেটে আবাসিক হোটেলে আটকে রেখে দুই তরুণীতে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে সিলেট নগরের শিবগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৯।
গ্রেপ্তার হওয়া ওই তরুণী (২৫) সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় বসবাস করছিলেন। র্যাব মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর তাঁকে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় হস্তান্তর করে।
এর আগে গত ২৩ আগস্ট সিলেট নগরের পাঠানটুলা এলাকার একটি আবাসিক হোটেলে দুই তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ ওঠে।
এ ঘটনায় ওই দুই তরুণী ২৮ আগস্ট নারী ও শিশু নির্যাতন আইনে জালালাবাদ থানায় পৃথক দুটি মামলা করেন। দুটি মামলাতেই প্রধান আসামি করা হয়েছে গ্রেপ্তার হওয়া ওই তরুণীকে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। মামলায় ওই তরুণী ছাড়াও আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।
ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে মোহাইমিন রহমান (৩৩) নামের এক যুবককে ২ সেপ্টেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতে হাজির করা হলে তিনি ওই ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ প্রথম আলোকে বলেন, র্যাব অভিযুক্ত ওই তরুণীকে পুলিশের কাছে হস্তান্তরের পর বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।