চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল। নগরের কাজীর দেউড়ি এলাকায়
চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল। নগরের কাজীর দেউড়ি এলাকায়

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ‘১৫ সেকেন্ডের’ মিছিল

চট্টগ্রাম নগরের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সমর্থনে আজ মঙ্গলবার সকালে নগরের কাজীর দেউড়ি এলাকায় এই মিছিল করেন তাঁরা।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি ব্যানার নিয়ে মিছিলটিতে অংশগ্রহণ করতে দেখা যায়। ব্যানারটির নিচে লেখা—‘বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগর’। মিছিলে শেখ হাসিনার নাম নিয়ে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম প্রথম আলোকে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ একটি মিছিল বের করেছে। সাত-আটজন ছেলে ১৫ সেকেন্ডের মিছিলটি বের করেন। সবাইকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে গত রোববার ভোরে নগরের ষোলশহর এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।